Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬

‘সেবাই আমার ধর্ম, সেবাই আমার কর্ম’, বার্তা কমিশন বিতর্কে নিরুত্তাপ মোদির

ককরোচ জনতা পার্টি হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করেছে, এবার আসবে যন্তর মন্তর টু। যন্তর মন্তর ওয়ানের লক্ষ্য ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

‘সেবাই আমার ধর্ম, সেবাই আমার কর্ম’, বার্তা কমিশন বিতর্কে নিরুত্তাপ মোদির
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টি হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করেছে, এবার আসবে যন্তর মন্তর টু। যন্তর মন্তর ওয়ানের লক্ষ্য ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আর এবার জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে ফের যন্তরমন্তর জমায়েত। আবার এই হুমকির পর বিকেলে রাহুল গান্ধী জ্ঞানেশ কুমারের ইস্তফা দাবি করে বললেন, এবার এসপার নয় ওসপার।  গণতন্ত্রকে বাঁচাতে এবার হবে মরিয়া লড়াই। পালটা বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদি আক্রমণ করলেন রাহুলকে। নির্বাচন কমিশনের অন্দরে বিস্ফোরক কেলেঙ্কারির অভিযোগের উত্তাপে যখন জাতীয় রাজনীতি ফুটছে, তখন এসব থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিরুত্তাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  বৃহস্পতিবার তাঁর জন্মদিন উপলক্ষ্যে বিজেপির পক্ষকাল যাবৎ  সেবাসংকল্পের কর্মসূচিতে অংশ নিয়ে সেবাই পরম ধর্মের বার্তা দিলেন মোদি। রাহুল একদিকে তাঁকে নিশানা করে বলেছেন, সব কিছুর মূলে প্রধানমন্ত্রী। সেখানে মোদি বলেছেন, গুজরাত থেকে দিল্লি পর্যন্ত যাত্রায় যত ক্ষমতার উচ্চ শিখরেই আরোহণ করি না কেন আমার প্রকৃত ধর্ম সেবাধর্ম থেকে কখনও বিচ্যূত হই না। যে আমাকে যাই বলুক, আমি জানি, আমার উপর ভারতবাসীর আশীর্বাদ আছে। সেই আশীর্বাদে আমি ধন্য। সেবাই আমার ধর্ম। সেবাই আমার কর্ম। 

Advertisement

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ভিডিও বার্তায় গুজরাতে ভাদনগর থেকে উত্তরপ্রদেশের বারাণসী পর্যন্ত ‘সেবা সংকল্প যাত্রা’য় অংশগ্রহণকারীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনে মিলিত হন। ১৭ সেপ্টেম্বর ছিল তাঁর জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষ্যে ১৫ দিন ধরে সেবা সংকল্প যাত্রা করবে বিজেপি। নিজের জন্মপক্ষের উদযাপনের অঙ্গ হিসেবে আয়োজিত এই যাত্রায়  মোদির বার্তা আবর্তিত হয়েছে সেবাকে কেন্দ্র করে। যাত্রীদের বলেন, সেবাই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, রাজনীতি বা সামাজিক জীবন, সর্বোচ্চ স্তরের ক্ষমতা অর্জন করলেও সেবার পথ থেকে কখনো বিচ্যুত হওয়া উচিত নয়। মোদি নিজেই বলেন, তাঁর ২৫ বছরের প্রশাসনিক জীবনের পূর্তি উপলক্ষে আয়োজিত মোটর সাইকেল যাত্রা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপনের এক অনন্য মাধ্যম। ভাষণ ও বক্তৃতার জন্য‌ ঩বিখ্যাত প্রধানমন্ত্রী বলেন যে, বক্তৃতা বা প্রচারের মাধ্যমে নয়, কাজের মাধ্যমে মানুষের কাছে সেবার বার্তা পৌঁছে দিতে হবে। নিজের সাংগঠনিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে এই দীর্ঘ যাত্রাপথে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও কীভাবে উত্তরণের পথে অগ্রসর হয়েছেন, সেই বিবরণও দিয়েছেন প্রধানমন্ত্রী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ