নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরাঞ্চলে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করতে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান’ প্রকল্পের অধীনে নতুন উপভোক্তা চিহ্নিত করার কাজ শুরু হচ্ছে রাজ্যে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের সমস্ত পুরসভা এলাকায় চলবে এই কর্মকাণ্ড।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগেই আবাস যোজনার (২.০) বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। অন্যান্য রাজ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। এবার পুরোদমে কাজ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। এই সুবিধা পাওয়ার জন্য উপভোক্তার ন্যূনতম সাড়ে ৩৫০ বর্গফুট জমি থাকা বাধ্যতামূলক। তার সঙ্গে বেশ কিছু নিয়মেও বদল আনা হয়েছে। যেমন উপভোক্তার আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ থাকতেই হবে। নির্দিষ্ট একটি ইউনিফায়েড ওয়েব পোর্টালের মাধ্যমে বাড়ি তৈরির সহায়তা পাওয়ার জন্য আবেদন জমা দিতে হবে। আবেদনের সময়েই একটি ওটিপি যাবে উপভোক্তার মোবাইল ফোনে।
ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান প্রকল্পের অধীনে রাজ্যে ৩ লক্ষ ৪৩ হাজার বাড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে। পরবর্তীতে আরও ১ লক্ষ ৪০ হাজার বাড়ির কাজ আরম্ভ হয়েছিল। সেই কাজও প্রায় শেষ। এর মধ্যেই চালু হতে চলেছে নয়া উপভোক্তা বাছাইয়ের কাজ। শহুরে আবাসের ক্ষেত্রে হিসাবটা অনেকটাই আলাদা। এক্ষেত্রে একটি বাড়ি তৈরির জন্য একজন উপভোক্তা পান ৩ লক্ষ ৪৩ হাজার টাকা। যার মধ্যে রাজ্যের কোষাগার থেকে দেওয়া হয় ১ লক্ষ ৯৩ হাজার টাকা। দেশের আর কোনো রাজ্য এই পরিমাণ টাকা বাড়ি তৈরির জন্য দেয় না। আর কেন্দ্র দেয় দেড় লক্ষ টাকা। ২৫ হাজার টাকা দিতে হয় উপভোক্তাকে।