Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ শুরু দ্বিতীয় টেস্ট, বুমরাহকে খেলানো নিয়ে ধোঁয়াশা, হারের ধাক্কা সামলে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া

যশপ্রীত বুমরাহকে নিয়ে নাটক অব্যাহত। সোমবার সাংবাদিক সম্মেলনে সহকারী কোচ রায়ান ডয়েশকাটে যা বলেছিলেন, সেই এক বক্তব্য মঙ্গলবার শোনা গেল ভারত অধিনায়ক শুভমান গিলের কণ্ঠেও, ‘বুমরাহ খেলার জন্য তৈরি।

আজ শুরু দ্বিতীয় টেস্ট, বুমরাহকে খেলানো নিয়ে ধোঁয়াশা, হারের ধাক্কা সামলে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া
  • ২ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

বার্মিংহাম: যশপ্রীত বুমরাহকে নিয়ে নাটক অব্যাহত। সোমবার সাংবাদিক সম্মেলনে সহকারী কোচ রায়ান ডয়েশকাটে যা বলেছিলেন, সেই এক বক্তব্য মঙ্গলবার শোনা গেল ভারত অধিনায়ক শুভমান গিলের কণ্ঠেও, ‘বুমরাহ খেলার জন্য তৈরি। সঠিক বোলিং কম্বিনেশন বেছে নেওয়ার চেষ্টা হচ্ছে। প্র্যাকটিসের সময় পিচ দেখে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।’

Advertisement

ইংল্যান্ড অবশ্য আগেভাগেই জানিয়ে দিয়েছে প্রথম একাদশ। সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ নিতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া অবশ্য সেই পথে হাঁটেনি। নেপথ্যে একাধিক কারণ। ঘুরে দঁড়াতে মরিয়া ভারতীয় দল আসলে বড় বেশি বুমরাহ নির্ভর হয়ে পড়েছে। ম্যাচ জেতালে তিনিই জেতাবেন। বাকিরা তালপাতার সেপাই। হেডিংলে টেস্টে ৩৭১ রানের টার্গেট দিয়েও ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হার, সেই ধারণাকে আরও দৃঢ় করেছে। তাই বুধবার এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে বুমরাহকে নিয়ে সিদ্ধান্তে উপনীত হতে বার বার হোঁচট খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। একদিকে, মাথায় রাখতে হচ্ছে তারকা পেসারের ওয়ার্কলোডের ব্যাপারটি। তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনটি টেস্টে খেলবেন। গম্ভীরও সেই কথাই বলেছিলেন। সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ায় বুমরাহকে নিয়ে দলের চিন্তাভাবনা আচমকাই বদলে গিয়েছে। তাই এজবাস্টনে ‘বুমবুম’কে খেলানোর আপ্রাণ চেষ্টা হচ্ছে। তবে শেষ মুহূর্তে যদি তিনি ড্রেসিং-রুমে বসেন, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, সিরিজে পড়ে থাকবে আরও তিনটি ম্যাচ। শেষ দিকে বুমরাহর প্রয়োজন আরও বেশি হতে পারে। সেই কারণে এজবাস্টনে অনভিজ্ঞ বোলিং লাইন-আপ নিয়েই সমতা ফেরাতে ঝাঁপাবে ভারত।
মঙ্গলবার প্র্যাকটিসে নেমে ভারতীয় দলের থিঙ্কট্যাঙ্ক এজবাস্টনের পিচ নিয়ে রীতিমতো রিসার্চ করলেন। কেউ কেউ তো হুমড়ি খেয়ে বোঝার চেষ্টা করলেন, ম্যাচ গড়ালে উইকেট কেমন আচরণ করবে। তবে গম্ভীরের সিদ্ধান্তই যে চূড়ান্ত, সেটা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় শিবিরের যা খবর, তাতে দুই স্পিনার খেলানো হতে পারে। কোপ পড়তে চলেছে শার্দূল ঠাকুরের ঘাড়ে। এখন প্রশ্ন হচ্ছে রবীন্দ্র জাদেজার সঙ্গী কে হবেন? কুলদীপ যাদব না ওয়াশিংটন সুন্দর—তা নিয়ে জল্পনা তুঙ্গে। গত কয়েকদিন ধরে ক্রমাগত নেটে হাত ঘুরিয়েছেন দু’জনেই। তৈরি আকাশদীপ, অর্শদীপও।
সত্যি বলতে কী বিরাট কোহলি, রোহিত শর্মা অবসর নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন, অনভিজ্ঞতায় ভরা ভারতীয় ব্যাটিং ইংল্যান্ডের পিচে ধরাশায়ী হবে। সেই ধারণা বদলে দিয়েছেন গিলরা। প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী, লোকেশ রাহুল, গিল, ঋষভ (জোড়া)। সমস্যা লোয়ার অর্ডার নিয়ে। দুই ইনিংসেই ভারতের ব্যাটিং হুড়মুড়িয়ে ভেঙে পড়তে দেখা গিয়েছিল হেডিংলেতে। সেই রোগ সারিয়ে উঠতে নীতীশ রেড্ডিকে ফেরানো হতে পারে। 
প্রথম টেস্টে পিছিয়ে থেকেও দুরন্ত জয় ইংল্যান্ডকে আরও উজ্জীবিত করেছে। বাজবল ক্রিকেটেই সিরিজে ব্যবধান বাড়াতে চান স্টোকসরা। তার উপর ভারতের বিরুদ্ধে এজবাস্টনে ইংল্যান্ডের রেকর্ড খুবই ভালো। আটটি খেলে জিতেছে সাতটিতে। একটি ড্র। একবারই অর্থাৎ ২০২২ সালে জয়ের আশা জাগিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু ৩৭৮ রান তাড়া করে জেতে ইংরেজরাই। গত ৫৮ বছরে ইংল্যান্ডের এই মাঠ বার বার খালি হাতে ফিরিয়েছে ভারতকে। গিলের নেতৃত্বে কি চাকা ঘুরবে? সমতা ফিরবে সিরিজে? আগামী পাঁচদিন এই প্রশ্নেরই উত্তর খুঁজবেন ভারতীয় সমর্থকরা। এরমধ্যেই বার্মিংহামে একটি রহস্যময় প্যাকেজ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিসের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেটারদের  হোটেলে ঘরবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়। কর্ডন করা হয় গোটা এলাকা তবে ঘণ্টা খানেক পরে স্বাভাবিক  হয় পরিস্থিতি।
 ম্যাচ শুরু বিকেল ৩-৩০ মিনিটে। 
সোনি স্পোর্টস এবং জিওহটস্টারে সম্প্রচারিত হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ