নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সি-প্লেন নিয়ে একসময় প্রবল প্রচার করলেও বাস্তবে তার যে কোনও সারবত্তা নেই, সংসদেই তা স্বীকার করল মোদি সরকার। এখনও পর্যন্ত দেশে কত জায়গায়, কোন রুটে সি-প্লেন চলছে? এখনও পর্যন্ত কত যাত্রী সফর করেছেন? লোকসভায় সরকারের কাছে লিখিতভাবে জানতে চান কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়। জবাবে অসামরিক বিমান পরিষেবা রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মোহল জানিয়েছেন, এখনও পর্যন্ত কোথাও সি-প্লেন চলছে না। তবে এটি চালু করতে সরকার উদ্যোগী। তাই ‘উড়ে দেশ কা আম নাগরিক’ প্রকল্পে সি-প্লেন চালু করতে গুজরাত, অসম, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, আন্দামান নিকোবর, গোয়া, লাক্ষাদ্বীপের মতো রাজ্যের ৩২ জায়গায় অপারেটরদের আগ্রহ জানতে চাওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত দেশের কোথাও এটি চালু হয়নি। তৃণমূল সাংসদ দীপক অধিকারীর (দেব) প্রশ্নের উত্তরে জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজভূষণ চৌধুরী জানিয়েছেন, দামোদর নদে ড্রেজিংয়ের কোনও কাজ হয়নি। মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে গত পাঁচ বছরের মধ্যে ২০২১ সালের পর ২০২৪ সালেই সবচেয়ে বেশি পরিমাণ জল ছাড়া হয়েছে। গত বছর আগস্ট মাসে জল ছাড়া হয়েছে ২ হাজার ৩৭২ হাজার একর ফুট। তৃণমূলের অভিযোগ, না জানিয়েই এই জল ছাড়ে কেন্দ্র। বন্যা পরিস্থিতি তৈরি হয়। সমস্যায় পড়েন এলাকাবাসীরা। যদিও মন্ত্রীর লিখিত বক্তব্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ডিভিসির সঙ্গে আলোচনা করেই এই জল ছাড়া হয়।



