Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সাধারণের মানুষের ক্ষোভের হদিশ পেতে জনসংযোগ যাত্রা তৃণমূলের

সাধারণের মানুষের ক্ষোভের হদিশ পেতে জনসংযোগ যাত্রা তৃণমূলের
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মানুষের ক্ষোভবিক্ষোভ জানতে ও সরকারি উন্নয়নের খতিয়ান পেশ করতে ‘জনসংযোগ যাত্রা’য় নামছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার তৃণমূলের হুগলি-শ্রীরামপুর জেলার সহ সভাপতি তথা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এই পরিকল্পনার কথা জানিয়েছেন। ঠিক হয়েছে, আপাতত শুধু চুঁচুড়া বিধানসভা এলাকাতেই ‘জনসংযোগ যাত্রা’ হবে। আজ বুধবার চুঁচুড়ার কোদালিয়া ১ নম্বর পঞ্চায়েতের দেবীপুর থেকে ওই কর্মসূচি শুরু হবে। বিধায়ক নিজে জনসংযোগ যাত্রায় থাকবেন। তাৎপর্যপূর্ণভাবে বিধায়ক এদিন নিজেই বলেছেন, ভুল-ত্রুটি আমাদের নেই, এমনটা দাবি করব না। তবে মানুষকে বলব, ভুল শুধরে নেওয়ার সুযোগ দিন। ত্যাজ্যপুত্র করে দেবেন না। উন্নয়নের কাজকে এগিয়ে নিতে যাওয়ার কাজে সহযোগিতা করুন।
Advertisement
বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। বিরোধী শিবির থেকে ওই কর্মসূচিকে কটাক্ষ করা হয়েছে। বিরোধীদের দাবি, চুঁচুড়ায় অসিতবাবুর উপর মানুষ ক্ষুব্ধ। তা তিনি টের পেয়েছেন। তাই ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে অনেক সময় থাকলেও আগেভাগে মাঠে নামতে চাইছেন তিনি। সিপিএম নেতা মনোদীপ ঘোষ বলেন, তৃণমূলের অত্যাচারে মানুষ জর্জরিত। চুঁচুড়ায় বিধায়কের তাণ্ডবে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সেসব টের পেয়েই তিনি আগেভাগে মাঠে নামছেন। যদিও তাতে সুবিধা হবে না। দলীয় কর্মসূচি প্রসঙ্গে এদিন বিধায়ক বলেন, ২০১১ সাল থেকে রাজ্য সরকারের সামাজিক উন্নয়ন কর্মসূচিতে সব বয়সের মানুষ উপকৃত হয়েছেন। রাস্তা থেকে কৃষি, শিল্প পরিকাঠামো থেকে আর্থ-সামাজিক অবস্থার বদল হয়েছে। সেসব মানুষের কাছে তুলে ধরতে হবে। গত লোকসভা নির্বাচনে কিছু জায়গায় আমাদের দলের ফল খারাপ হয়েছে। মানুষ কেন বিমুখ হয়েছেন, তা জানতে হবে। কোনও ভুল হয়ে থাকলে নতজানু হয়ে ক্ষমা চেয়ে চাইতে হবে আমাদের।
বিধানসভা এলাকার দলীয় নেতৃত্বের কথায়, আপাতত পাঁচদিনের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। পরে ধারাবাহিকভাবে গ্রাম থেকে শহরে জনসংযোগ যাত্রা হবে।
সম্পর্কিত সংবাদ