Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

রাজ্যে ফের স্ক্রাব টাইফাসের হানা! রোগ ছড়াচ্ছে মস্তিষ্কেও, শিকার মূলত ১৫-২৫ বছর বয়সিরা

রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস। ফের ফিরে এসেছে এই ব্যাকটেরিয়া ঘটিত সংক্রামক অসুখটি। গত দিন পনেরোর মধ্যে এই রোগের উপদ্রব কিছুটা অস্বাভাবিকভাবেই বেড়েছে।

রাজ্যে ফের স্ক্রাব টাইফাসের হানা! রোগ ছড়াচ্ছে মস্তিষ্কেও, শিকার মূলত ১৫-২৫ বছর বয়সিরা
  • ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস। ফের ফিরে এসেছে এই ব্যাকটেরিয়া ঘটিত সংক্রামক অসুখটি। গত দিন পনেরোর মধ্যে এই রোগের উপদ্রব কিছুটা অস্বাভাবিকভাবেই বেড়েছে। কলকাতা, দুই মেদিনীপুর সহ বেশ কিছু জেলা থেকে রোগীরা রেফার হয়ে কলকাতার বিভিন্ন হাসপাতালগুলিতে আসছেন। শহরের বিভিন্ন সরকারি এবং কর্পোরেট হাসপাতালে দেখাতে আসছেন বিহার, ঝাড়খণ্ডের মতো প্রতিবেশী রাজ্যের রোগীরাও। রবিবার এমনই জানাচ্ছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। 

Advertisement

তাঁরা জানিয়েছেন, এই রোগের উপসর্গগুলির অন্যতম জ্বর, পেট-লিভারের অসুখ, শরীরে বিভিন্ন খাঁজে সিগারেট পোড়ার মতো ক্ষত, প্রচণ্ড মাথাব্যথা প্রভৃতি। লেপটোট্রমবিডিয়াম ডিলিয়েন্স নামে এক ধরনের মাইট বা পোকার কামড়ে রোগটি হয়। ঩পিজি হাসপাতালের সংক্রামক বিদ্যার চিকিৎসকরা জানিয়েছেন, এবারের স্ক্রাব টাইফাস সংক্রমণ নিয়ে তাঁরা যথেষ্ট উদ্বিগ্ন। কারণ, এইবারে বেশ কিছু অল্পবয়সি যুবক-যুবতীর সংক্রমণ মস্তিষ্ক পর্যন্ত ছড়িয়েছে। সিংহভাগ রোগী বা বাড়ির লোকজন  প্রথমে ব্যাপারটিকে সাধারণ ভাইরাল সংক্রমণ বলে উড়িয়ে দিয়েছিলেন। ফলে রোগ শনাক্তকরণেই দেরি হচ্ছে। শহরের নামকরা শিশুরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিভিন্ন বয়সি বাচ্চারা স্ক্রাব টাইফাসে আাক্রান্ত হচ্ছে। গত ক’দিনে সংক্রমণ হঠাৎই বেড়েছে। শুরুতে ধরা পড়লে অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন প্রভৃতি অ্যান্টিবায়োটিকেই এই রোগকে সহজে কাবু করা সম্ভব। কিন্তু চিকিৎসা শুরু করতে দেরি হলে জীবনসংশয়ও হতে পারে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখলে রোগ সংক্রমণ অনেকটা ঠেকানো সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেখা গিয়েছে প্রধানত, ঝোপঝাড়, জঙ্গল, লম্বা ঘাসে ঢাকা এলাকায় রোগের পোকাটিকে বেশি দেখা যায়। 
চিকিৎসক মহল সূত্রে জানা গিয়েছে, ১৯৩০ সালে জাপানে রোগটি চিহ্নিত হয়। বর্তমানে জাপান থেকে রাশিয়া, ভারত, পাকিস্তান, আফগানিস্তান থেকে অষ্ট্রেলিয়সহ বিভিন্ন দেশে এই রোগের দাপট রয়েছে। পিজি’র সংক্রমণ বিদ্যা বিভাগের প্রধান ডাঃ যোগিরাজ রায় বলেন, গত কিছুদিনে স্ক্রাব টাইফাস আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ খুব বেড়ে গিয়েছে। কলকাতা থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড সব জায়গা থেকে রোগী পাচ্ছি। জ্বর, প্রচণ্ড মাথাব্যথা, লিভারে সংক্রমণ এইসব উপসর্গ থাকছে। বয়স মোটামুটি ১৫ থেকে ২৫ বছর। চিন্তার বিষয় হল, এরা প্রত্যেকেই দেরিতে এসেছে আর সংক্রমণও মস্তিষ্কে ছড়িয়েছে। প্রাথমিকভাবে ব্রেন টিবির মতো মনে হওয়ায় চিকিৎসকদেরও ধাঁধায় ফেলতে পারে। বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়দেব রায় বলেন, আমার পরামর্শ, জ্বরজারি হলে অন্যান্য পরীক্ষার পাশাপাশি এই সময়টায় বাচ্চার স্ক্রাব টাইফাসের পরীক্ষাও করিয়ে নিন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ