নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শালিমার স্টেশনের দিক থেকে আন্দুলের দিকে যাওয়ার রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল বছর তিরিশের অজ্ঞাত পরিচয় এক স্কুটি আরোহীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ শালিমার স্টেশনের দিক থেকে আন্দুল রোডের দিকে যাচ্ছিল ওই স্কুটিটি। সেই সময় ফ্লাইওভারের উপর অর্থাৎ তিন নম্বর রেলগেটের কাছে আচমকাই স্কুটিটিতে সজোরে ধাক্কা মারে একটি ডাম্পার। সেই ডাম্পারটি বিদ্যাসাগর সেতুর দিক থেকে আসছিল বলে জানা গিয়েছে। এরপর দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় স্কুটির আরোহীকে উদ্ধার করে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে এই দুর্ঘটনার জেরে অ্যাপ্রোচ রোড থেকে বিদ্যাসাগর সেতু পর্যন্ত দীর্ঘক্ষণ যানজট দেখা দেয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। অন্যদিকে, ঘাতক ডাম্পারটিকে আটক করা হয়েছে। বর্তমানে চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।



