Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দীঘা ও বাঁকিপুট উপকূলে দু’টি নয়া সামুদ্রিক কীটের সন্ধান বিজ্ঞানীদের

রাজ্যের দীঘা এবং বাঁকিপুট উপকূল থেকে দু’টি নয়া প্রজাতির সামুদ্রিক কীটের (মেরিন ওয়ার্ম) সন্ধান পেলেন জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) বিজ্ঞানীরা।

দীঘা ও বাঁকিপুট উপকূলে দু’টি নয়া সামুদ্রিক কীটের সন্ধান বিজ্ঞানীদের
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের দীঘা এবং বাঁকিপুট উপকূল থেকে দু’টি নয়া প্রজাতির সামুদ্রিক কীটের (মেরিন ওয়ার্ম) সন্ধান পেলেন জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) বিজ্ঞানীরা। নেরেইডিড প্রজাতির এই জীব দু’টি পলিকেট গোত্রের। অর্থাৎ, এগুলির দেহ রোঁয়াযুক্ত এবং লম্বাটে। নাম দেওয়া হয়েছে নামালিক্যাস্টিস সোলেনোটনাথা ও নেরেইস ধৃটা। জোয়ারের জলে ডুবে থাকা কাঠের পাটাতন থেকে এই দু’টি প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ‘ডেসক্রিপশন অব টু নিউ স্পিসিস অব নেরেইডিডস ফ্রম ওয়েস্টবেঙ্গল, ইন্ডিয়া, বে অব বেঙ্গল’ শীর্ষক রিপোর্টে এই দুই সামুদ্রিক প্রাণী সম্বন্ধে বিস্তারিত জানিয়েছেন তাঁরা। জেডএসআইয়ের তরফে আরও জানানো হয়েছে, বঙ্গোপসাগরের বাংলা ও ওড়িশা লাগোয়া এলাকা যে জীববৈচিত্র্যে ভরপুর, তা তারা অনেকদিন থেকেই বলে আসছে। এই আবিষ্কার তাদের সেই দাবিকেই মান্যতা দিল। উপকূল অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এই ধরনের ক্ষুদ্র প্রাণীর অসামান্য ভূমিকা রয়েছে। বিশেষত পলির স্তরকে অক্সিজেন চলাচলের উপযুক্ত করে রাখে এগুলি। বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন, যে জায়গা থেকে দু’টি কীটের হদিশ মিলেছে, তাতেই স্পষ্ট যে এগুলি যথেষ্ট প্রতিকূল পরিবেশের মধ্যেও টিকে থাকতে পারে। আরও নিবিড় পর্যবেক্ষণে নতুন নতুন তথ্য জানা যাবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ