


নিজস্ব প্রতিনিধি, বারাসত: ক্লাস চলাকালীন বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টায় মেতেছিল দশম শ্রেণির এক ছাত্র। তা দেখে শিক্ষক ব্যাপক মারধর করেন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বারাসত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাইস্কুলে। অভিযোগ, শিক্ষক কিল, ঘুষি, চড় মেরেছেন আসিফ আলি নামে ওই ছাত্রটিকে। মার খেয়ে সে অসুস্থ হয়ে পড়ে। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত শিক্ষক শ্যাম সনাতন সাঁতরাকে শোকজ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার অসুস্থ ছাত্র ও অন্যান্য পড়ুয়ার অভিভাবকরা স্কুলে এসে ক্ষোভপ্রকাশ করে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার হাসাহাসির বিষয়টি নজর করে শিক্ষক আসিফকে পড়া জিজ্ঞাসা করেন। কিন্তু সে চুপ করে ছিল। তখন মারধর করেন। আসিফ বলে, ‘স্যার প্রথমে চুল টেনে বেঞ্চে মাথা ঠুকে দেন। মাথা নিচু করে ধরে পিঠে কিল-ঘুষি মেরেছেন। দম নিতে পারছিলাম না। সকলে মুখে-চোখে জল দিয়ে হাসপাতালে নিয়ে যায়।’ আসিফের মা রেশমা বিবি বলেন, ‘অমানবিকভাবে মারধর করা হয়েছে। চোরকেও কেউ এভাবে মারে না। মেরে পুঁতে দেবেও বলেছেন ওই শিক্ষক।’ বাবা নাসির আলি বলেন, ‘শ্বাসকষ্ট শুরু হয়েছে। বারবার বলছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে।’ অভিযুক্ত শিক্ষক বলেন, ‘ক্লাস চলাকালীন ছাত্রটি গোলমাল করছিল। শান্ত করার অনেক চেষ্টা করেছি। তারপর বাধ্য হয়েই পিঠে চড় দিয়েছি। ঘুষি মারিনি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলি আহসান বলেন, ‘এ নিয়ে শনিবার দুপুরে ম্যানেজিং কমিটির বৈঠক হয়। শোকজ করা হয়েছে। ছাত্রের চিকিৎসার সমস্ত ভার বহন করবেন শিক্ষক।’