Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় স্কুলের কিচেন শেড মেরামতি, নির্দেশ দপ্তরের

মিড ডে মিলের জন্য স্কুলে স্কুলে রয়েছে কিচেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বহু জায়গাতেই সেসব কিচেনের ছাউনি বা শেড নষ্ট হয়ে গিয়েছে।

পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় স্কুলের কিচেন শেড মেরামতি, নির্দেশ দপ্তরের
  • ৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মিড ডে মিলের জন্য স্কুলে স্কুলে রয়েছে কিচেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বহু জায়গাতেই সেসব কিচেনের ছাউনি বা শেড নষ্ট হয়ে গিয়েছে। শিক্ষাদপ্তর বিষয়টি নিয়ে অবগত হলেও অর্থের অভাবে দীর্ঘদিন এগুলি সংস্কার করা হয়নি বলেই অভিযোগ। যার ফলে রাজ্যের অনেক স্কুলে রান্নাবান্না করতে অসুবিধায় পড়তে হচ্ছিল কর্তৃপক্ষকে। অবশেষে এই সমস্যার সমাধানে উদ্যোগী হল পঞ্চায়েত দপ্তর। জেলায় জেলায় যেসব স্কুলে কিচেন শেড বেহাল অবস্থায় পড়ে রয়েছে অথবা ভেঙে গিয়েছে, সেগুলি ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েতগুলিকে। পঞ্চদশ অর্থ কমিশনের ‘আনটায়েড ফান্ড’ থেকে এই খাতে টাকা খরচ করবে তারা। এই মর্মে দপ্তর থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে সব জেলায়। জানা গিয়েছে, সম্প্রতি মুখ্যসচিবের নেতৃত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

Advertisement

দপ্তর যে নির্দেশিকা পাঠিয়েছে, তাতে বলা হয়েছে, কোথায় কত স্কুলে এই কিচেন শেড সংস্কার প্রয়োজন, তার তালিকা তৈরি করবে স্কুলশিক্ষা দপ্তর। তারা সেগুলি সংশ্লিষ্ট জেলাকে পাঠিয়ে দেবে। সেই মতো জেলাশাসকদেরই পঞ্চায়েতের মাধ্যমে এই কাজ করানোর উদ্যোগ নিতে হবে। গ্রাম পঞ্চায়েতগুলি তাদের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা করার সময় যেন এই কাজটিকেও তালিকাভুক্ত করে, সেই পরামর্শ দিয়েছেন দপ্তরের কর্তারা। প্রসঙ্গত, এর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পানীয় জল ও শৌচালয় নির্মাণের খরচও পঞ্চদশ অর্থ কমিশন থেকেই করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ