Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বাস্থ্য‌সাথীতে রোগীর গাড়িভাড়া আত্মসাৎ? অভিযোগে চাঞ্চল্য

স্বাস্থ্য‌সাথীতে রোগীর গাড়িভাড়া আত্মসাৎ? অভিযোগে চাঞ্চল্য
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্বাস করে কিছু লোককে নগদ টাকা দেওয়ার দায়িত্ব দেওয়াই কি কাল হল? চিকিৎসায় সুস্থ হওয়ার পর বাড়ি ফেরার জন্য প্রত্যেক রোগীকে গাড়িভাড়া বাবদ স্বাস্থ্য‌সাথীতে ২০০ টাকা দেওয়া হয়। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই টাকা নিয়েই রীতিমতো কেলেঙ্কারি হয়েছে বলে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। এখানে স্বাস্থ্যসাথীর উপভোক্তা বহু রোগী ও বাড়ির লোকজন জানিয়েছেন, তাঁরা ওই টাকা পাননি। হাসপাতালের প্রাথমিক হিসেব হল, স্বাস্থ্যসাথীর ৮০ জন রোগী এই টাকা পাননি। তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন মেডিক্যাল কর্তৃপক্ষ তথা স্বাস্থ্যদপ্তরের দিকে। এখানকার সুপার তথা উপাধ্যক্ষ ডাঃ অঞ্জন অধিকারী বলেন, ভবিষ্যতে এই ধরনের সমস্যা যাতে না-হয়, তার জন্য আমরা খুব প্রয়োজন ছাড়া আর নগদ টাকা রোগীর বাড়ির লোকজনকে দেব না। তাঁর আধার এবং অ্যাকাউন্ট নম্বর জেনে নিয়ে সেখানেই সরাসরি টাকা পাঠানো হবে। হাসপাতাল সূত্রের খবর, কয়েকজন রোগীর সহায়কদের কাছে ওই এককালীন টাকা দেওয়া হয়, যাতে রোগী ছুটি নিয়ে বাড়ি ফেরার সময় টাকাটি তাঁরাই রোগীদের হাতে তুলে দিতে পারেন। টাকাটি অন্য কেউ আত্মসাৎ করেছে কি না, তা বুঝে নিতে ১০-২০ শতাংশ রোগীর ফোন নম্বর জেনে নিয়ে যোগাযোগ করা হয়। 
Advertisement
কিছুদিন ধরেই মেডিক্যাল কলেজ কর্তারা খবর পাচ্ছিলেন, এনিয়ে কিছু একটা গোলমাল হয়েছে। বহু রোগী ছুটির সময় গাড়িভাড়ার টাকা পাননি। মেডিক্যালে খোঁজখবর নিয়ে দেখা যায়, এমন বঞ্চিত মানুষের সংখ্যা প্রায় ৮০। ওই টাকা রোগীরা না পেলে তা হাতাল কারা? কারণ, রোগীর সহায়কদের পক্ষে এই টাকা আত্মসাৎ করা একটু কঠিন। টাকাটি দেওয়ার পর খাতায় প্রাপকের সই নেওয়া হয়। তার হিসেব রাখেন অ্যাকাউন্টস অফিসাররা। মাথাপিছু ২০০ টাকা করে আত্মসাৎ করতে গেলে রোগীদের সই জাল করতে হয়! এখন প্রশ্ন, সেই ফৌজদারি অপরাধ করা হয়নি তো? অন্য কোনও হাসপাতালেও এই কাণ্ড হয়েছে কি? সবটাই খতিয়ে দেখছে রাজ্য স্বাস্থ্যদপ্তর।
সম্পর্কিত সংবাদ