Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

গোয়ায় সুপার কাপের প্রস্তুতি শুরু সাউলদের

গোয়ায় পা রেখেই কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে ঝামেলায় জড়িয়ে গোলরক্ষক পদ থেকে সরে দাঁড়ান সন্দীপ নন্দী। টিম হোটেল ছেড়ে সোমবার রাতে শহরে ফেরেন প্রাক্তন এই দুর্গপ্রহরী।

গোয়ায় সুপার কাপের প্রস্তুতি শুরু সাউলদের
  • ২২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোয়ায় পা রেখেই কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে ঝামেলায় জড়িয়ে গোলরক্ষক পদ থেকে সরে দাঁড়ান সন্দীপ নন্দী। টিম হোটেল ছেড়ে সোমবার রাতে শহরে ফেরেন প্রাক্তন এই দুর্গপ্রহরী। এরপরই ইমামি ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দল ছেড়েছেন সন্দীপ। তবে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও, বিতর্কের রেশ কাটছে না। আপাতত ইস্ট বেঙ্গল শিবিরের নজর সুপার কাপে।

Advertisement

গোয়ায় পৌঁছে মঙ্গলবার জোরকদমে প্রস্তুতি শুরু করে দেন কোচ অস্কার ব্রুজোঁ। বৃষ্টির মধ্যেই স্থানীয় একটি মাঠে ঘণ্টা দেড়েক প্রস্তুতি সারেন সাউল ক্রেসপো, মিগুয়েলরা। শিল্ড ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগানের বিরুদ্ধে ভালো খেলেও টাই-ব্রেকারে হেরে খেতাব হাতছাড়া করে লাল-হলুদ ব্রিগেড। সেই আক্ষেপ মেটাতে সুপার কাপকেই পাখির চোখ করছেন স্প্যানিশ কোচ। চলতি মরশুমে আইএসএল হওয়া নিয়ে এখনও ধোঁয়াশা চরমে। ফলে সুপার কাপে চ্যাম্পিয়ন হলে আগামী মরশুমে এশিয়ার মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ মিলবে। সেটাই কাজে লাগাতে চান অস্কার।
ডুরান্ড কাপ এবং আইএফএ শিল্ডে মোহন বাগানকে বাদ দিলে মূলত আই লিগের ক্লাবগুলির বিরুদ্ধে লড়তে হয়েছে ইস্ট বেঙ্গলকে। তবে সুপার কাপে দেশের সেরা দলগুলি অংশগ্রহণ করবে। ফলে লড়াইটা অনেক কঠিন। গ্রুপ পর্বে ইস্ট বেঙ্গলের প্রথম দুই প্রতিপক্ষ ডেম্পো আর চেন্নাইয়ান এফসি। আর শেষ ম্যাচে অপেক্ষা করছে আরও এক ডার্বি। গ্রুপ থেকে একটি দলই শেষ চারের টিকিট পাবে। ফলে কোনও এক ম্যাচে পয়েন্ট নষ্ট মানেই কাজ কঠিন হয়ে পড়া। তাই শুরু থেকেই সেরা পারফরম্যান্স মেলে ধরতে মরিয়া লাল-হলুদ কোচ। উল্লেখ্য, সুপার কাপে প্রথম একাদশে ছয় বিদেশি খেলানোর সুযোগ থাকছে। তবে হিরোশির ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। আগামী কয়েকদিন এই জায়গায় উন্নতি করাই লক্ষ্য অস্কারের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ