Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

সন্ধিপুজোয় আসে কালো ভ্রমর, পুজো করে বিপুল সম্পত্তি পায় আরামবাগের সরকাররা

মা চণ্ডীর স্বপ্নাদেশে পেয়ে দুর্গাপুজো করে গরিব থেকে বিপুল ধনসম্পত্তির অধিকারী হওয়ার নিদর্শন রয়েছে আরামবাগের সরকার বাড়িতে।

সন্ধিপুজোয় আসে কালো ভ্রমর, পুজো করে বিপুল সম্পত্তি পায় আরামবাগের সরকাররা
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মইদুল ইসলাম খান, আরামবাগ: মা চণ্ডীর স্বপ্নাদেশে পেয়ে দুর্গাপুজো করে গরিব থেকে বিপুল ধনসম্পত্তির অধিকারী হওয়ার নিদর্শন রয়েছে আরামবাগের সরকার বাড়িতে। ১৫৬ বছর আগের সেই রোমহর্ষক কাহিনি আজ তামাম আরামবাগে একেবারে মিথের পর্যায়ে পৌঁছে গিয়েছে। এনিয়ে সরকার বাড়ির বংশধর সৌমেন সরকার বলেন, বাপ, ঠাকুরদাদের মুখে শুনেছি বহু বছর আগে আমাদের পূর্বপুরুষরা খুব দরিদ্র ছিলেন। দশঘরার জমিদার বিশ্বাসদের গোমস্তা হিসাবে কাজ করতেন আমাদের পূর্বপুরুষ অহরচন্দ্র দাস সরকার। সেই সময় এই পরিবারের সদস্যদের রোগের কারণে ব্যাপক অর্থ সংকট দেখা দেয়। সরকার পরিবার ওই পরিস্থিতিতে কোনমতে চলতে থাকে। তখনই মা চণ্ডী অহরচন্দ্রকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন, বাড়ির সামনে আটচালা করে চতুর্ভূজা দেবী দুর্গার প্রতিমা গড়ে আরাধনা করলে ঘরে লক্ষ্মী আসবে। তাঁদের যাবতীয় সমস্যার সমাধান হবে। এরপরেই কালক্ষেপ না করে অহরচন্দ্র সরকার বাড়ির সামনে একটি আটচালা করে মা দুর্গার পুজো শুরু করেছিলেন। মায়ের পুজোর পর  ধীরে ধীরে দেখা যায় সরকারদের হাল বদলে যাচ্ছে। বিপুল ধন সম্পত্তির মালিক হয়ে ওঠেন সরকাররা। দেবীর কৃপায় তাঁদের সব সমস্যা দূর হয়। তারপর থেকেই সরকার বাড়িতে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে বংশানুক্রমে মা দুর্গার পুজো হয়ে আসছে। 

Advertisement

এই বাড়ির দুর্গাপুজোর ক্ষেত্রে রয়েছে আলাদা প্রথা। সরকারদের আরএক পূর্বপুরুষ মনোরঞ্জন সরকারকে মা চণ্ডী একদিন স্বপ্ন দিয়ে বলেছিলেন, পুজোয় তোরা বলি দেওয়া বন্ধ কর। তা না হলে তোদের গ্রামে অশুভ ছায়া নেমে আসবে। সেই থেকে সরকার বাড়ির পুজোয় আর কোনো ধরনের বলি দেওয়া হয় না। ষষ্ঠীতে বেল-বরণ›। সপ্তমীতে ঘট উত্তোলন হয়।  
অষ্টমীর সন্ধিপুজোর সময় ঠাকুরদালানে একটি কালো ভ্রমর আসে।  পুজো শেষে তাকে আর দেখা যায় না! তাই এই বাড়ির সন্ধিপুজো  দেখতে বহু মানুষ ভিড় জমান।  পুজোর ক’দিন পরিবারের সদস্যরা একত্রিত হয়ে প্রচুর আনন্দ করেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ