Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বেতন না মেলায় কালিয়াগঞ্জ পুরসভায় বিক্ষোভে সাফাইকর্মীরা

কারও পাঁচ মাস বেতন বাকি। কারও দেড় মাস। কাজ করেও বেতন না পেয়ে সমস্যায় পড়েছেন কালিয়াগঞ্জ পুরসভার শতাধিক সাফাইকর্মী। এনিয়ে বহুদিন ধরে ক্ষোভ জমে ছিল।

বেতন না মেলায় কালিয়াগঞ্জ পুরসভায় বিক্ষোভে সাফাইকর্মীরা
  • ১৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কারও পাঁচ মাস বেতন বাকি। কারও দেড় মাস। কাজ করেও বেতন না পেয়ে সমস্যায় পড়েছেন কালিয়াগঞ্জ পুরসভার শতাধিক সাফাইকর্মী। এনিয়ে বহুদিন ধরে ক্ষোভ জমে ছিল। বৃহস্পতিবার  সাফাই কাজ বন্ধ করে পুরসভায় বিক্ষোভ দেখালেন তাঁরা। মূল গেট আটকে বিক্ষোভ চলায় পুরসভায় ঢুকতে পারেননি কর্মীরা। সাধারণ মানুষও পুরসভা এসে ঘুরে যান। সাফাইকর্মীদের সঙ্গে ২৩ জন নির্মল সাথীও পুরসভার সামনে বিক্ষোভ দেখান। তাঁদের সাফ কথা, বেতন না পাওয়া পর্যন্ত পুরসভার সাফাই কাজ বন্ধ রাখবেন। এতে বেকায়দায় পড়েছে পুরসভা কর্তৃপক্ষ। পুর চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডু বলেন, নির্বাচনের জন্য গত মাসে অর্থ সংগ্রহ হয়নি। তাই বেতন দিতে সমস্যা হচ্ছে। সরকারি অর্থও আসেনি। ফলে সাফাই কর্মীদের এখনও বেতন বকেয়া রয়েছে। কালিয়াগঞ্জ শহরের ১৭টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহের দায়িত্বে থাকা নির্মল সাথীরা গত পাঁচমাস বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। বিক্ষোভকারী প্রিয়াঙ্কা সরকারের কথায়, গত পাঁচ মাস বেতন পাচ্ছি না। কী খেয়ে কাজ করব? বেতন না পাওয়া পর্যন্ত কাজ করব না।

Advertisement

একই কথা কালিয়াগঞ্জ শহরের সাফাই কর্মী ছিরু বর্মনের। বলেন, গত পাঁচ মাস ধরে মাসের প্রথমে বেতন পাচ্ছি না। ১৪ দিন পেরিয়ে গেলেও এমাসে বেতন পাইনি। বকেয়া দ্রুত মেটানোর দাবি তুলেছেন সাফাইকর্মীরা। বেতন না পাওয়া পর্যন্ত শহরের সাফাইকাজও বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। পুরসভার গুরুত্বপূর্ণ এই পরিষেবা থমকে যাওয়ায় আশঙ্কায় শহরবাসী। পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সমস্যা সমাধানে সোমবার বোর্ড মিটিং ডেকেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভা। পুর চেয়ারম্যানের আশ্বাস, শীঘ্রই সমস্যা মিটে যাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ