নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোট সারিয়ে বুধবার জাতীয় শিবিরে যোগ দিলেন আশিক কুরুনিয়ান। অসুস্থতার কারণে গত দু’দিন অনুপস্থিত ছিলেন কেরালাইট উইঙ্গার। তবে এখনও দলের সঙ্গে যোগ দেননি রাহুল ভেকে। শুক্রবার তাঁর কলকাতায় আসার কথা। সদ্য বাবা হয়েছেন তিনি। তাই পরিবারের সঙ্গে বাড়তি সময় কাটানোর অনুমতি পেয়েছেন এই মুম্বই ডিফেন্ডার। বাকিদের নিয়ে সেন্টার অব এক্সেলেন্সের মাঠে এদিন প্রস্তুতি সারলেন কোচ মানোলো মার্কুয়েজ। ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি এদিনও টিম কম্বিনেশনের উপর জোর দেন তিনি। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে পয়েন্ট খুইয়েছে ভারত। সেই আক্ষেপ যে এখনও যায়নি স্প্যানিশ কোচের, তা তাঁর কথাতেই পরিষ্কার। বললেন, ‘সেদিন দল পরিকল্পনামাফিক ফুটবল খেলতে পারেনি। হংকং ম্যাচে তার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকেই নজর থাকবে।’ আগামী ২৬ মে সন্তোষ ট্রফি জয়ীদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীলরা। বৃহস্পতিবার তার প্রস্তুতি শুরু করবেন বাংলা কোচ সঞ্জয় সেন। তবে চ্যাম্পিয়ন দলের সব ফুটবলারকে পাচ্ছেন না তিনি।



