• পহেলগাঁও কাণ্ডের জেরে বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান। ইংল্যান্ডে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’-এ উপস্থিত থাকার কথা ছিল নায়কের। সেই অনুষ্ঠান আপাতত স্থগিত। সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিয়েছেন সলমন নিজেই। সোমবার সমাজমাধ্যমে পোস্ট করে এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার ঘোষণা করেন নায়ক। তিনি লিখেছেন, ‘কাশ্মীরের দুঃখজনক ঘটনার জেরে এই অনুষ্ঠান স্থগিত রাখার কঠিন সিদ্ধান্ত নিতে হল। আগামী ৪ এবং ৫মে ম্যাঞ্চেস্টার এবং লন্ডনে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আমরা জানি, অনুরাগীরা আমাদের পারফরম্যান্স দেখার অপেক্ষায় ছিলেন। এই শোকের সময় অনুষ্ঠান স্থগিত রাখাই সঠিক সিদ্ধান্ত হবে বলে আমাদের মনে হয়েছে। এই অনুষ্ঠান স্থগিত রাখার জন্য কারও অসুবিধা হলে আমরা দুঃখিত। অনুষ্ঠানের নতুন দিন শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।’ সলমন ছাড়াও মাধুরী দীক্ষিত, কৃতী শ্যানন, বরুণ ধাওয়ান, সারা আলি খানের মতো বলিউডি তারকাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। প্রসঙ্গত, সলমন এর আগে একাধিকবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে হুমকি পেয়েছেন। বিভিন্ন দফায় তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে। নায়কের মুম্বইয়ের বাংলোতেও বেড়েছে নিরাপত্তা। তার মধ্যেই শ্যুটিং চালিয়ে গেলেও কাশ্মীরের জঙ্গি হানা আতঙ্ক আরও বাড়িয়েছে। এর মধ্যে বিদেশে অনুষ্ঠানের ঝুঁকি নিতে চান না সলমন। সেকারণেই এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অন্যদিকে, বলিউড অভিনেতা অতুল কুলকার্নি সদ্য পহেলগাঁও ভ্রমণে গিয়েছিলেন। গত মঙ্গলবার সেখানে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকে বহু পর্যটক মুখ ফিরিয়েছেন। অনেকে বাতিল করেছেন কাশ্মীর ট্যুর। এই আবহে কাশ্মীরবাসীর পাশে দাঁড়ালেন অভিনেতা। তিনি বলেন, ‘কাশ্মীর আমাদের। আমরা এখানে আসবই। কাশ্মীরে যদি ভারতীয়রা না যান, সেক্ষেত্রে প্রকৃতপক্ষে জয় হবে সন্ত্রাসবাদীদের। কারণ তারা সেটাই চায়।’ এর পরিবর্তে ভারতবাসীকে কাশ্মীর ভ্রমণের পরামর্শ দিয়েছেন অভিনেতা। এই মুহূর্তে পহেলগাঁওয়ের বিস্তীর্ণ এলাকা পর্যটক শূন্য। ফাঁকা বিমানগুলিও। এই চিত্রের শীঘ্রই পরিবর্তন হওয়া প্রয়োজন বলে মনে করেন অভিনেতা।



