• বাসভবনে গুলি চলার এক বছরের মাথায় ফের হুমকি দেওয়া হল সলমন খানকে। এবার বোমা মেরে গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে নায়ককে। সোমবার মুম্বইয়ের ওরলির পরিবহণ দপ্তরের হোয়াটসঅ্যাপে এই হুমকি আসে। পাশপাশি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হামলা চালানোর হুমকিও দেওয়া হয়েছে। কয়েকদিন ধরেই সলমনকে নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। গত রবিবার মুম্বই ছেড়েছেন সলমন। কোথায় যাচ্ছেন, তা অবশ্য স্পষ্ট নয়। এদিন তাঁরনিরপত্তা বলয়ও অন্যান্য দিনের তুলনায় কড়া ছিল। উগ্র মূর্তিতে দেখা গিয়েছে বডি গার্ড শেরাকেও। এই আবহে ফের সলমনকে হুমকি দেওয়ায় চিন্তিত ইন্ডাস্ট্রি। সোমবারের হুমকিবার্তায় বলা হয়েছে, সলমনের গাড়িতে বোমা রাখা রয়েছে। বাড়ির ভিতরও উড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। হুমকিবার্তা আসার পরই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বার্তা প্রেরককে খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিস। যদিও রাত পর্যন্ত কোনও গোষ্ঠী হুমকি পাঠানোর দায় স্বীকার করেনি। গত বছর ১৪ এপ্রিল সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই দুষ্কৃতী গুলি চালায়। পরে লরেন্স বিষ্ণোই গ্যাং সেই হামলার দায় নিয়েছিল। তারা জানিয়েছিল, হামলার মূল টার্গেট ছিলেন খোদ সলমন। তারপর একাধিকবার তাঁর নামে হুমকিবার্তা এসেছে। পাশাপাশি টাকার দাবিও করা হয়েছে। কোনও কিছুতেই চিন্তিত দেখায়নি সলমনকে। ‘টাইগার’-এর মতো ভয়ডরহীন চিত্তে কাজ করেছেন অভিনেতা। কড়া নিরাপত্তা বেষ্টনীর মাঝেও ছবির প্রচার করেছেন, শ্যুটিং সেরেছেন। এবারের হুমকি তাঁর উপর কতটা প্রভাব ফেলে, তার দিকে তাকিয়ে বলিউড।



