লন্ডন: ১৯৮৩’র লর্ডসে ভারতীয় ক্রিকেটের সূর্যোদয়। ঐতিহ্যশালী স্টেডিয়ামেই কপিলদেবের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জয়। এরপর ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর সৌরভ গাঙ্গুলির জার্সি ওড়ানোরও সাক্ষী লর্ডসের ব্যালকনি। সেখানেই এবার বিশেষভাবে সম্মানিত হলেন শচীন তেন্ডুলকর। বৃহস্পতিবার এমসিসি’র (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) ক্রিকেট সংগ্রহশালায় শচীনের ছবির উদ্বোধন হয়। চিত্রশিল্পী স্টুয়ার্ট রিয়ারসন ছবিটি এঁকেছেন। ১৮ বছর আগে মুম্বইতে মাস্টার ব্লাস্টারের একটি ছবি তোলেন শিল্পী। জানা গিয়েছে, তা দেখেই আঁকা হয়েছে পোর্ট্রেট। চলতি মরশুমে এমসিসি’র মিউজিয়ামে সাজানো থাকবে প্রতিকৃতি। এরপর লর্ডসের ড্রেসিং-রুমে তা স্থান পাবে। অভিভূত শচীনের মন্তব্য, ‘কেরিয়ারে একটা বৃত্ত সম্পূর্ণ হল। কপিলদেবের হাতে বিশ্বকাপ ট্রফি দেখার স্মৃতি কখনও ভোলার নয়। সেই লর্ডসেই এমন অনন্য সম্মানে সতিই গর্বিত।’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শচীনের স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর।



