কিয়েভ, ১৩ এপ্রিল: ইউক্রেনে ফের হামলা চালাল রাশিয়া। আজ, রবিবার সকালে উত্তর ইউক্রেনের সুমি শহরের কেন্দ্রস্থলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। যার ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ২১ জনের। জখম ৮০। চলতি বছরে ইউক্রেনে, রাশিয়ার করা সবচেয়ে বড় হামলা এটি। এমনটাই দাবি ইউক্রেনের প্রশাসনের। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। সোশ্যাল মিডিয়ায় তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন, ‘কেবল দুর্বৃত্তরাই এইধরণের কাজ করতে পারে। বিনা কারণে সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। আর এমন দিনে এই হামলা চালানো হল যখন সবাই গির্জায় যাচ্ছেন।’
জেলেনস্কির আর্জি, আন্তর্জাতিক মহল যেন মস্কোর এই হামলার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেয়। ইউক্রেনের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁরা কেউ রাস্তায় হাঁটছিলেন বা গাড়িতে করে যাচ্ছিলেন। বেশ কিছু বহুতলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। আজ, রবিবার পাম সানডে পালন করছিলেন ইউক্রেনের বাসিন্দারা। তাই সকাল থেকেই গির্জায়, গির্জায় ছিল ভিড়। প্রার্থনা করতেই গির্জায় ভিড় করছিলেন খ্রিস্ট ধর্মের মানুষেরা। ঠিক সেই সময়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো। যার ফলে এতজনের মৃত্যু হয়েছে।
মস্কোর এই হামলার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুমি শহরে। এখন ইউক্রেন এই হামলার কোনও পাল্টা দেয় কিনা সেটাই দেখার। রাশিয়ার এই হামলা প্রসঙ্গে আমেরিকা কোনও প্রতিক্রিয়া দেয় কিনা সেটাই লক্ষ্য রাখছে আন্তর্জাতিক মহল। কারণ, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য সবরকম চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে কথা বলতে দু’দিন আগেই মস্কো সফরে যান ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ।