Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

বেড়েছে গ্রামীণ লেনদেনের হার, জিডিপি ৭.৮%

রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পূর্বাভাস ছিল, জিডিপি বৃদ্ধির হার হবে কমবেশি ৭ শতাংশ। কিন্তু সেই প্রত্যাশা ছাপিয়ে এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে ভারতের জিডিপি ছুঁয়ে ফেলল ৭.৮ শতাংশ।

বেড়েছে গ্রামীণ লেনদেনের হার, জিডিপি ৭.৮%
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পূর্বাভাস ছিল, জিডিপি বৃদ্ধির হার হবে কমবেশি ৭ শতাংশ। কিন্তু সেই প্রত্যাশা ছাপিয়ে এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে ভারতের জিডিপি ছুঁয়ে ফেলল ৭.৮ শতাংশ। আর্থিক মূল্যে ৮১ লক্ষ ৩৬ হাজার কোটি টাকা। শিল্প, নির্মাণ, পরিষেবা—জিডিপির এই বৃদ্ধির অন্যতম তিন কারণ হলেও প্রধান কারণ হিসাবে উঠে দাঁড়িয়েছে গ্রামীণ ভারত। গ্রামাঞ্চলে অপ্রত্যাশিত লেনদেনই সজীব করে তুলেছে ভারতের অর্থনীতিকে। আর তাই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং দেশে মূল্যবৃদ্ধির যোগফলে যে আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল, তার অনেকটাই কাটিয়েছে আর্থিক বৃদ্ধির এই হার। 

Advertisement

কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী, এই ত্রৈমাসিকে ব্যক্তিগত ব্যয়ের হার হয়েছে ৭.১ শতাংশ। যা গত জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকেও ছিল ৬.৮ শতাংশ। আর এই যে সাধারণ মানুষের আর্থিক লেনদেন বৃদ্ধি, এর সিংহভাগ গ্রামীণ ভারতের সৌজন্যে। কারণ দেখা যাচ্ছে, শহরের লেনদেন কমবেশি বিগত ত্রৈমাসিকের তুলনায় একই রয়েছে। বাড়েনি। কিন্তু গ্রামের মানুষের বাণিজ্যিক উদ্যোগ বেড়েছে, বিশেষ করে কমার্শিয়াল অটোমোবাইল গ্রামাঞ্চলে বেশি বিক্রি হয়েছে। স্কুটার বা মোটরবাইকও তুলনামূলকভাবে বেশি কিনেছেন গ্রামের দিকের বাসিন্দারা। ক্ষুদ্র শিল্প স্থাপনের জন্য ব্যাংক লোন নেওয়ার প্রবণতা গ্রামে বেশি। কৃষিঋণ বেড়েছে। কৃষির বৃদ্ধিহার দীর্ঘদিন থমকে ছিল। গত বছরের এই সময়সীমার নিরিখে এবার তা বেড়েছে ৩.৭ শতাংশ। সবথেকে খারাপ পারফরম্যান্স খনি ও খনিজ উত্তোলন সেক্টরে। বৃদ্ধির হার বস্তুত মাইনাস ৩ শতাংশ। অর্থাৎ নেগেটিভ গ্রোথ। 
যদিও এই ইতিবাচক বার্তার মধ্যেও উদ্বেগ লুকিয়ে রাখা যাচ্ছে না। সরকারি রিপোর্টে অবিকল রিজার্ভ ব্যাংকের আশঙ্কারই প্রতিফলন দেখা যাচ্ছে। সাফ বলা হচ্ছে, আর্থিক বৃদ্ধির হার বেড়ে অর্থনীতির উজ্জ্বল সম্ভাবনার ইঙ্গিত যতই মিলুক না কেন, এখনও চ্যালেঞ্জ মূল্যবৃদ্ধি। এবং সরকারি রিপোর্টেও বলা হচ্ছে, প্রধান চিন্তা একটাই—খাদ্যের মূল্যবৃদ্ধি। আর মূল্যবৃদ্ধির হার কোথায় অনেকটাই বেশি? শহরে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ