Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রাতে দুই ভাইয়ের মারপিট, সকালে দাদার দেহ উদ্ধার

রাতে দুই ভাইয়ের মারপিট, সকালে দাদার দেহ উদ্ধার
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: সোমবার সকালে ঘর থেকে অংশুমান ঢালি (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। গাইঘাটার বড়া কেষ্টনগর এলাকার এই ঘটনায় গাইঘাটা থানার পুলিস মৃতের ভাই অমৃত ঢালিকে আটক করেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলাও রুজু করা হয়েছে। পুলিসের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢালি পরিবারের তিন ভাই এক সঙ্গে থাকতেন। বড় ও মেজো ভাই বিয়ে করলেও ছোট ভাই অমৃত বিয়ে করেননি। তবে পারিবারিক অশান্তিতে বড় ভাই অংশুমানের স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। এদিকে, দিন কয়েক আগে মেজো ভাই শ্বশুরবাড়িতে যাওয়ায় রবিবার বাড়িতে ছিলেন অংশুমান ও অমৃত। রাতে দুই ভাই মদ্যপ অবস্থায় ঝামেলা করছিলেন বলে জানা গিয়েছে। প্রতিবেশীরা চিৎকারও শুনতে পান। এরপর সোমবার সকালে অংশুমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
ছোট ভাই অমৃত জানান, রাতে দু’জনের ঝগড়া চলাকালীন দাদা তাঁর ওপরে দাঁ নিয়ে চড়াও হন। সেই সময় ঘরের দরজার হাক দিয়ে প্রতিরোধ করতে গেলে দাদার মাথায় আঘাত লাগে। আঘাত গুরুতর মনে না হওয়ায় দাদাকে হাসপাতালে নিয়ে যাইনি। তবে সকালে দাদাকে ডাকতে গিয়ে অমৃত দেখেন, তিনি মৃত অবস্থায় খাটের উপরে পড়ে রয়েছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ