Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তাতেই আটকে দেওয়া হল বিরোধী প্রার্থীকে, মনোনয়নে বাধার অভিযোগ

রাস্তাতেই আটকে দেওয়া হল বিরোধী প্রার্থীকে, মনোনয়নে বাধার অভিযোগ
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ডহারবারের ফকিরচাঁদ কলেজের পরিচালন সমিতির নির্বাচনে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সকাল ১১টায় এক অধ্যাপক আরও কয়েকজনের সঙ্গে মনোনয়ন জমা দিতে কলেজে যাচ্ছিলেন। তখন তাঁদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে রাস্তাতেই বসে পড়েন ওই অধ্যাপকরা। তাঁরা জানান, কলেজে ঢুকতে দেওয়া হবে না বলে আশপাশ থেকে প্রচুর লোকজন জড়ো করা হয়েছিল। দেওয়া হচ্ছিল হুমকিও। যদিও শাসকপন্থী কলেজ অধ্যাপকদের ঢুকতে দেওয়া হয়েছে। তাঁদের মনোনয়নও জমা পড়েছে। এই কলেজের পরিচালন সমিতিতে তিনজন অধ্যাপক প্রতিনিধি নির্বাচন  করতে কাল, শুক্রবার ভোট করার কথা ছিল। বিরোধী গোষ্ঠী থেকে একজন এদিন মনোনয়ন জমা দেবেন বলেও ঠিক ছিল। তিনি বিজেপি রাজ্য সভাপতির স্ত্রী। কিন্তু এদিন তিনি বাধাপ্রাপ্ত হন। তাঁদের অভিযোগ, পুলিস ও প্রশাসনকে বলেও কোন লাভ হয়নি। দুপুর তিনটে পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেওয়ার সময়। সেটা পেরিয়ে যাওয়ার পর পুলিস তাঁদের সঙ্গে যোগাযোগ করে। এদিকে, এই ঘটনার ফলে শুক্রবার আর নির্বাচন করার কোনও দরকার রইল না।
Advertisement
অন্যদিকে, এদিনের ঘটনা নিয়ে কলেজ অধ্যক্ষ সৌমেন চন্দর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারণ তাঁর ফোনে ‘কল ফরওয়ার্ডিং’ করে রাখা হয়েছিল। তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ডায়মন্ডহারবারের বিধায়ক পান্নালাল হালদার। তিনি বলেন, এমন কিছু ঘটেনি। কিছু হলে আমার কাছে খবর আসতই।
সম্পর্কিত সংবাদ