Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বৈভবের অনবদ্য শতরান, গুজরাতকে হারাল রাজস্থান

বৈভবের অনবদ্য শতরান, গুজরাতকে হারাল রাজস্থান
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: অবিশ্বাস্য বলেও কম বলা হয়। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামের দর্শকরা নিজেদের ভাগ্যবান মনে করতেই পারেন। বৈভব সূর্যবংশীর সূর্যোদয়ের সাক্ষী রইলেন তাঁরা। বয়স? মাত্র ১৪ বছর ৩২ দিন। গোঁফের রেখাও ওঠেনি। সেই বৈভবই কোটিপতি লিগের কনিষ্ঠতম ক্রিকেটার। একাই শুষে নিলেন যাবতীয় গ্ল্যামার। বৈভবের ব্যাটে ছারখার গুজরাতের তাবড় বোলিং আক্রমণ। কনিষ্ঠতম ভারতীয় ব্যাটার হিসেবে দুরন্ত শতরান বিস্ময় কিশোরের। মাত্র ৩৮ বলে ১০১ রানের ইনিংসে তাজ্জব বিশেষজ্ঞরা। ঝোড়ো ইনিংসে ৭টি চার ও ১১ টি বিশাল ছক্কা হাঁকিয়েছে বৈভব। স্ট্রোকের ফোয়ারার সম্মোহিত বিশ্ব ক্রিকেট। ইশান্ত শর্মার চতুর্থ ওভারে তিনটি ছক্কা ও দু’টি চার সহ মোট ২৮ রান তোলে সে। তাকে যোগ্য সঙ্গত করেন যশস্বী জয়সওয়াল। ৭০ রানে অপরাজিত রইলেন তিনি। একইসঙ্গে গুজরাতকে ৮ উইকেটে হারিয়ে দুরন্ত জয় ছিনিয়ে নিল রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৯ রান করে গিলের গুজরাত। জবাবে ১৫.৫ ওভারেই লক্ষ্যে সফল রাজস্থান। ম্যাচের পর বৈভবের মন্তব্য, ‘দুর্দান্ত অনুভূতি। আগেই আইপিএল খেলার স্বপ্নপূরণ হয়েছে। তবে শতরানের আনন্দই আলাদা।’ একইসঙ্গে মাস্টার ব্লাস্টারের প্রশংসাও আদায় করে নিলেন তিনি। সোশ্যাল সাইটে বৈভবকে অভিনন্দন জানিয়েছেন শচীন তেন্ডুলকর।

Advertisement

ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। সোমবার ম্যাচের প্রথমার্ধ দেখে অনেকেই ধরে নিয়েছিলেন ম্যাচ জিতবে গুজরাতই।  ৫০ বলে গিলের সংগ্রহ ৮৪। ৫টি বাউন্ডারির পাশাপাশি ৪টি ওভার বাউন্ডারিও হাঁকিয়েছেন তিনি। জস বাটলারও করলেন ২৬ বলে অপরাজিত ৫০। সেই সুবাদে প্রথমে ব্যাট করে গুজরাত তুলল ৪ উইকেটে ২০৯। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন গুজরাতের দুই ওপেনার। বরাবরের মতো সাই সুর্দশনকে সঙ্গে নিয়ে শক্ত ভিতে দলকে দাঁড় করিয়েছেন গিল। তাঁরা যোগ করেন ৯৩ রান। সুদর্শন ৩৯ রানে আউট হলেও কমলা টুপি ছিনিয়ে নিয়েছেন কোহলির কাছ থেকে। এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন এই বাঁ হাতি ব্যাটার। বলা ভালো, গুজরাতের ব্যাটিংয়ের মূল স্তম্ভ তিনি। তবে এদিন সুদর্শন ফেরার পরও গুজরাতের ব্যাটিংয়ে ঝাঁঝ বিন্দুমাত্র কমেনি। হাফ-সেঞ্চুরি হাঁকানোর পর গিল আরও মারমুখী হয়ে ওঠেন। তাঁকে কীভাবে থামানো সম্ভব, তা বুঝে উঠতে পারছিলেন না রাজস্থানের ক্যাপ্টেন রিয়ান পরাগ। অবশেষে থিকসানার বলে পরাগের হাতে ধরা পড়েন গিল। ততক্ষণে অবশ্য যশ বাটলার জাঁকিয়ে বসেছেন ক্রিজে। ওয়াশিংটন সুন্দর ১৩ রানে হেটমায়ারের হাতে ধরা পড়েন। তবে ২৬ বলে বাটলার হাফ-সেঞ্চুরি হাঁকান।  এই জয়ের পর ১০ ম্যাচে রাজস্থানের পয়েন্ট ৬। তবে পয়েন্ট তালিকায় এখনও অষ্টম স্থানে রাহুল দ্রাবিড়ের দল। সব হতাশা ঢেকে দিলেন একা বৈভবই। ভারতীয় ক্রিকেটের নতুন তারকাকে নিয়ে হইচই চলছে। তবে বৈভব জানে পরের ম্যাচে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করবে তার জন্য। বিপক্ষ শিবির হয়তো ইতিমধ্যেই ভিডিও দেখে কাটাছেঁড়া শুরু করে দিয়েছে। অন্যদিকে, আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে রইল গুজরাত।

Advertisement
সম্পর্কিত সংবাদ