নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগরে জগদ্ধাত্রী পুজো মিটতে না মিটতেই সরগরম হয়ে উঠেছে রিষড়া। ইতিমধ্যেই সেখানে জগদ্ধাত্রী পুজোকে ঘিরে ব্যাপক ভিড় হতে শুরু করেছে। রিষড়া তো বটেই ডানকুনি, শ্রীরামপুর, উত্তরপাড়ার মানুষও ভিড় জমাতে শুরু করেছেন। কয়েক বছর ধরে রিষড়ার জগদ্ধাত্রী পুজো দর্শকমহলে প্রশংসিত হতে শুরু করেছে। এবারও একগুচ্ছ থিমের পুজো হচ্ছে রিষড়ায়। মনোহর আলোকসজ্জা থেকে প্রথাগতভাবে দেবীকে সাজানো, সবেতেই ঐতিহ্য অনুসরণ করে রিষড়ার পুজো পৃথক জায়গা নিতে শুরু করেছে। পুজোর জনপ্রিয়তার জেরে ইতিমধ্যেই চন্দননগর কমিশনারেটের পুলিস পৃথকভাবে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। পুরসভা ও প্রশাসন পুজোর আয়োজন ঘিরে সক্রিয়।
Advertisement
বর্তমান সময় পুজো মানেই থিম। সেই রীতির বাইরে যাচ্ছে না রিষড়াও। তাই জগদ্ধাত্রী উৎসবকে সামনে রেখে মূর্ত, বিমূর্ত নানা থিমে সেজে উঠেছে হুগলির এই হিন্দিবলয়। রিষড়ার অন্যতম পরিচিত পুজোটি করে কোরাস ক্লাব। এবার তাদের থিম ‘কৃষক ও মাটির সম্পর্ক’। থিমের নাম, ‘মাটির টান’। নানা ধরনের মডেল ও বাঁশের অলঙ্করণের মণ্ডপসজ্জায় ইতিমধ্যেই ওই পুজো নজর কাড়ছে। সাবেক ধাঁচের মনোহর প্রতিমাও থাকছে মণ্ডপে। কৃষি ও কৃষকই যে সভ্যতার ধাত্রী সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। ক্লাব কর্তা নারায়ণ ধর বলেন, ‘আলো থেকে মণ্ডপ, প্রতিমা থেকে আবহ সবদিক দিয়েই আমাদের উদ্যোগ নজর কাড়বে।’
রিষড়া মোড়পুকুর নিউ বর্ণালী চক্র ক্লাব সাহিত্যধর্মী থিম সাজিয়েছে। তাদের থিম, ‘চুপকথারা মুখর হল রূপকথার দেশে’। রূপকথার দেশের মা অভয়া জগদ্ধাত্রীকে হাজির করেছেন উদ্যোক্তারা। কল্পকথা সবার কাছেই আগ্রহের। তার সঙ্গে যদি জুড়ে থাকে স্মৃতি রোমন্থন তবে তা আরও মাত্রা পায়। নিউ বর্ণালি চক্র সেই পথেই হেঁটেছে। রূপকথা ও শিশুদের কল্পনার জগতের সঙ্গে ঠাকুরমার ঝুলির দত্যি দানো, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী, পক্ষীরাজ ঘোড়া, তেপান্তরের মাঠও থাকবে মণ্ডপসজ্জায়। ক্লাব কর্তা অসিতাভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘পুজো আর রূপকথার এক সুন্দর সম্পর্ক আছে। পুজোর আয়োজনে সেটিকেই মুখ্য করে তুলে ধরা হয়েছে। সমস্ত আয়োজনের নান্দনিকতা দর্শকদের ভালো লাগবেই।’