লস এঞ্জেলস, ২৮ জুন: দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলের ব্যবধানে হারাল কানাডা। আজ, রবিবার ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা এবং কানাডা। এদিন ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় শুরু হয় খেলা। শুরুর ৯ মিনিটে গোলের সুযোগ তৈরি করেন কানাডার ১২ নম্বর জার্সিধারী তানি। কিন্তু দক্ষিণ আফ্রিকার ডিফেন্স কোনওরকমে তা প্রতিহত করে। ১৩ মিনিটে ফের কানাডার ১১ নম্বর জার্সিধারী লিয়াম মিলার ফের প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন। কিন্তু গোল অধরাই থাকে। ১৫ মিনিটে আবার আক্রমণ দক্ষিণ আফ্রিকার ডিফেন্স ভেঙে ঢুকে পড়েন ১০ নম্বর জার্সির জোনাথন ডেভিড। তবে এবারও গোলের মুখ খোলা সম্ভব হয়নি। এরপর ২১ মিনিটে ফ্রি কিকে আসা বলে হেড করেন কানাডার ১৩ নম্বর জার্সির ডেরেক। কিন্তু তা আটকে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক উইলিয়ামস। ৩৪ মিনিটে দক্ষিণ আফ্রিকার মিস পাসের সুবাদে ফের সুযোগ পান কানাডার তানি। তা প্রতিহত করেন বিপক্ষের কিপার। ৪৩ মিনিটে কর্নার থেকে আসা বলে একাধিকবার নেওয়া কানাডার প্লেয়ারদের শট প্রতিহত করেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক। ৪৫ মিনিটে কানাডার ২২ নম্বর প্লেয়ারকে বক্সের মধ্যেই চার্জ করেন দক্ষিণ আফ্রিকার ডিফেন্সের প্লেয়াররা। পেনাল্টির দাবি ওঠে। তবে তা খারিজ করে দেন রেফারি। প্রথমার্ধ্বে ৩ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। কিন্তু দুই পক্ষই কোনও গোল করতে না পারায় প্রথম হাফ গোলশূন্যই থাকে। বলে পজেশনে প্রথম হাফে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। তাঁদের ৫৬ শতাংশ বল পজেশন ছিল।



