সামনে সারি সারি শ্রোতা। আর মঞ্চে একা রূপম। জি ডি বিড়লা সভাঘরে আগামী ১৯ এপ্রিল এমনই ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। রূপমের ‘একক’ সিরিজের এটি ৬০তম আসর। ২০১৩ সালের ২৫ জানুয়ারি, শিল্পীর ৩৯তম জন্মদিনে মাত্র ৫০ জন শ্রোতা নিয়ে এক অন্তরঙ্গ সমাবেশ হিসেবে শুরু হওয়া ‘একক’ এখন শহর কলকাতার অন্যতম উল্লেখযোগ্য লাইভ কনসার্ট। এখানে শিল্পী স্টেজে সম্পূর্ণ একা শ্রোতাদের সঙ্গে বন্ধন তৈরি করেন। রূপমের কথায়, ‘১২ বছর ধরে মূলত অপরিচিত গান গাইবার বিকল্প মঞ্চ গড়ে তুলতে পেরেছি, যা ফসিলস-এর জনপ্রিয়তার প্রতিস্পর্ধী। এটাকে সেলিব্রেট করতে আমি এমন কিছু পরিকল্পনা করেছি যা সচরাচর ‘একক’-এ থাকে না।’ এই অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে ‘বোরোলিন’।



