Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাদে ওঠা নিষেধ সল্টলেক-নিউটাউনের বহুতলে, বাজিবহুল সন্ধ্যা থেকে রাত, ২৩ তারিখ পর্যন্ত অগ্নিকাণ্ড নিয়ে সতর্ক কমিশনারেট

৯০ ডেসিবেল আর নেই, এ রাজ্যেও আতশবাজির শব্দমাত্রা বেড়ে হয়েছে ১২৫ ডেসিবেল! শব্দদানবের তাণ্ডবের আশঙ্কায় আতঙ্কিত শহরবাসী।

ছাদে ওঠা নিষেধ সল্টলেক-নিউটাউনের বহুতলে, বাজিবহুল সন্ধ্যা থেকে রাত, ২৩ তারিখ পর্যন্ত অগ্নিকাণ্ড নিয়ে সতর্ক কমিশনারেট
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ৯০ ডেসিবেল আর নেই, এ রাজ্যেও আতশবাজির শব্দমাত্রা বেড়ে হয়েছে ১২৫ ডেসিবেল! শব্দদানবের তাণ্ডবের আশঙ্কায় আতঙ্কিত শহরবাসী। এবার বাজির আগুন থেকে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ড এবং অন্যান্য দুর্ঘটনা রুখতে বিশেষ পদক্ষেপ নিল বিধাননগর কমিশনারেট। বহুতলের ছাদে বাজি ফাটানো নিষিদ্ধ। ২৩ অক্টোবর পর্যন্ত বিকেল পাঁচটার পর বন্ধ রাখতে বলা হয়েছে বহুতলের ছাদে ওঠার দরজা। যাতে তারপর থেকে কোনও আবাসিক ছাদে উঠতে না পারেন তার জন্য এই ব্যবস্থা। সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে বহুতল আবাসনের অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে পুলিশ। কোথাও বৈঠক করে জানানো হয়েছে। নির্দেশ অমান্য করে কেউ যদি বহুতলের ছাদে উঠে বাজি ফাটান, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পুলিশ।

Advertisement

রাজ্যের সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত বলেন, ‘বহুতলের ছাদে বাজি না ফাটানোর বিষয়ে কলকাতা হাইকোর্ট এবং রাজ্য দূষণ পর্ষদের নির্দেশিকা আছে। পুলিশ ভালো করেছে। তবে নির্দেশিকা জারি করলেই হবে না। নজরদারিও করতে হবে। কারণ কালীপুজোর পরের দিন শব্দতাণ্ডব সবথেকে বেশি হয়। তাই প্রতিটি এলাকায় কড়া নজরদারি দরকার।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধাননগর কমিশনারেট এলাকার মধ্যে সবথেকে বেশি হাইরাইজ বিল্ডিং রয়েছে নিউটাউন, রাজারহাট, নারায়ণপুর এলাকায়। এছাড়াও বহুতল রয়েছে লেকটাউন, এয়ারপোর্ট সহ সল্টলেক অঞ্চলে। মূলত বহুতল আবাসনগুলিকেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা রুখতেই এই পদক্ষেপ। কমিশনারেটের এক পদস্থ আধিকারিক বলেন, ‘অগ্নিকাণ্ডের সুরক্ষার জন্যই এই উদ্যোগ। সেই সঙ্গে এই কমিশনারেটের মধ্যেই রয়েছে কলকাতা বিমানবন্দর। বহুতল থেকে বাজি ফাটলে বিমানের পাইলটের সমস্যা হতে পারে এবং দুর্ঘটনাও ঘটতে পারে। সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে’।
নিউটাউন এলাকায় থাকা আবাসনগুলির কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘২৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল পাঁচটার পর থেকে রুফটপ ও ছাদে প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে। এই নির্দেশ নিরাপত্তাজনিত কারণে গৃহীত হয়েছে, দীপাবলির দিন ও তার আগে-পরের সময় ছাদ থেকে কোনও আতশবাজি প্রজ্জ্বলন যাতে না ঘটে।’ সল্টলেক, লেকটাউন এলাকায় বহুতল আবাসনে গিয়েও বৈঠক করে এ কথা জানিয়েছে পুলিশ। কালীপুজোর দিন লেকটাউন থানার পক্ষ থেকে এলাকায় মাইকে প্রচারও করা হয়েছে। যেহেতু নিউটাউন এলাকায় বহুতল বেশি তাই সেখানে নজরদারি বাড়ানো হয়েছে। নিউটাউন ফোরাম অ্যান্ড নিউজের চেয়ারম্যান সমরেশ দাশ বলেন, ‘বাজি খুবই বিপজ্জনক। বিশেষ করে বহুতলের ছাদ থেকে ফাটানো হলে যে কোনও সময় নীচে আগুন পড়তে পারে। অগ্নিকাণ্ডের সম্ভাবনা থাকে। তাই পুলিশের এই নির্দেশিকাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা চাই উৎসবে সকলে সুস্থ থাকুন। পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করেই সকলে আনন্দ করুক।’ 

সম্পর্কিত সংবাদ