লন্ডন: গ্যারেজে ঝলমল করছে একের পর এক দামি, বিলাসবহুল গাড়ি। পোর্সে ৯১১ টার্বো এস, রেঞ্জ রোভার স্পোর্ট, বিএমডব্লু আই৫, লাম্বোর্গিনি, ফেরারি ৪৮৮ ইতালিয়া— কী নেই! লাক্সারি কারের প্রতি ডিয়োগো জোতার আকর্ষণের নিদর্শন। এক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর অদ্ভুত মিল। কিন্তু কে জানত সুপার ফাস্ট সেই গাড়িই একদিন কেড়ে নেবে পর্তুগালের উদীয়মান তারকার প্রাণ! জাতীয় দলের কিংবদন্তি সহযোদ্ধা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্তম্ভিত। জোতার অকাল মৃত্যুর খবর যেন বিশ্বাসই হচ্ছে না পর্তুগিজ মহাতারকার। ইনস্টাগ্রামে শোকবার্তায় রোনাল্ডো লিখেছেন, ‘এমনটা তো কথা ছিল না। মাত্র কিছুদিন জাতীয় দলের হয়ে খেলা শুরু করেছিলে। কয়েকদিন আগে বিবাহের মাধ্যমে সূচনা করেছিলেন জীবনের নতুন ইনিংস। সকলকে ছেড়ে এভাবে তোমার চলে যাওয়াটা উচিত হয়নি। তোমার পরিবার, স্ত্রী, সন্তানদের প্রতি রইল আমার সমবেদনা। আমি জানি, তুমি সর্বদা তাদের সঙ্গে থাকবে। ডিয়োগো ও আন্দ্রে— তোমাদের আত্মার শান্তির কামনা করি। আমরা তোমাদের মিস করব।’ লিভারপুলের প্রাক্তন কোচ জুরগেন ক্লপ বলেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না। ডিয়োগো, তুমি শুধু একজন প্রতিভাবান ফুটবলারই ছিলে না, বন্ধু, স্বামী এবং বাবা হিসেবেও মন ছুঁয়েছ সকলের। তোমার অভাব সবসময় অনুভব করব।’



