নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কখনও বাইক নিয়ে ধাওয়া, কখনও কটূক্তি। স্কুলের বাইরে ‘রোমিওদের’ বাড়বাড়ন্ত যেভাবে বেড়েছে, তাতে উদ্বিগ্ন ছাত্রীরা। চিন্তায় অভিভাবকরা। তাদের দৌরাত্ম্য ঠেকাতে এবার পথে নামল ডায়মন্ডহারবার পুলিস জেলা। ইভ টিজিং ঠেকানোই তাদের মূল উদ্দেশ্য। পুলিসের এই অভিযানে সাফল্য এল বিষ্ণুপুরে। এই থানা এলাকায় এক সপ্তাহে বিভিন্ন গালর্স স্কুলের সামনে থেকে ইভ টিজিংয়ের অভিযোগে পাকড়াও করা হয়েছে ১৮ জন রোমিওকে। তাদের মধ্যে আবার বেশ কয়েকজন নাবালক। পুলিস সূত্রে জানা গিয়েছে, এই পুলিস জেলার সর্বত্রই এমন অভিযান চালানো হবে।
বিভিন্ন স্কুলের সামনে ‘রোডসাইড রোমিও’দের আনাগোনা বেড়েছে। ছাত্রীরা যাতে নিরাপদে স্কুলে যাতায়াত করতে পারে, তারজন্যই ডায়মন্ডহারবার পুলিস জেলার পক্ষ থেকে ‘অ্যান্টি ইভ টিজিং ড্রাইভ’ চালু করা হয়েছে। অতিরিক্ত পুলিস সুপার মিতুনকুমার দে বলেন, আমরা অ্যান্টি ইভ টিজিং ড্রাইভ শুরু করেছি। এই অভিযোগে বিষ্ণুপুর থানা এলাকা থেকে যে নাবালকদের পাকড়াও করা হয়েছিল, অভিভাবকদের উপস্থিতিতে তাদের বোঝানো হয়েছে। পাশাপাশি পুলিসের পক্ষ থেকে অভিযুক্তদের কাউন্সেলিং করানো হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ইভ টিজিং রুখতে বেশ কিছু কড়া পদক্ষেপ করেছে ডায়মন্ডহারবার পুলিস জেলা। ঠিক হয়েছে, স্কুল খোলার সময় ও ছুটির সময় মোতায়েন থাকবে সাদা পোশাকের পুলিস। কোথাও আবার পুলিস পিকেট বসানোরও পরিকল্পনা রয়েছে। ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে যে প্রাপ্তবয়স্কদের ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের ছবি দিয়ে প্রোফাইল তৈরি করে স্কুলের বাইরে প্রচার করা হবে, যাতে জামিনে ছাড়া পাওয়ার পর তাঁরা লজ্জায় আর ছাত্রীদের স্কুলের আশপাশে ঘেঁষতে না পারে। ছাত্রীদের উদ্দেশে পুলিসের পরামর্শ, কোথাও এমন ঘটনা ঘটলে তৎক্ষণাৎ পুলিসকে বিষয়টি জানাতে হবে। এই ধরনের অপরাধ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।