Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফিটনেস টেস্টে চমক রোহিতের

আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন প্রায় ছ’মাস আগে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।

ফিটনেস টেস্টে চমক রোহিতের
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আইপিএলের পর তাঁকে আর দেখা যায়নি প্রতিযোগিতামূলক ম্যাচে। শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন প্রায় ছ’মাস আগে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকায় অনেকেই ভেবেছিলেন, ফিটনেস টেস্টে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন রোহিত শর্মা। কিন্তু বোর্ড সূত্রের খবর, রবিবার ইয়ো ইয়ো টেস্টে আশানুরূপ ফল করেছেন হিটম্যান। ‘ইয়ো ইয়ো’ টেস্ট ছাড়াও ‘ডিএক্সএ’ টেস্ট হয় ক্রিকেটারদের। রোহিত ছাড়াও ফিটনেসে টেস্টে পাশ করেছেন শুভমান গিল, যশপ্রীত বুমরাহ, জিতেশ শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণরা।

Advertisement

এশিয়া কাপ দিয়ে টিম ইন্ডিয়ার নতুন মরশুম শুরু। প্রতিযোগিতা চলবে ৯-২৮ সেপ্টেম্বর। ভারতের প্রথম ম্যাচ ১০ তারিখ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। খুব সম্ভবত ভারতীয় ক্রিকেটাররা ৪ সেপ্টেম্বর দুবাইয়ে পৌঁছবেন। তার আগে গিল, বুমরাহদের ফিটনেস টেস্ট শুরু হয়েছে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার ফর এক্সেলেন্সে (সিওই)। প্রথমে ঠিক ছিল, ১৩ সেপ্টেম্বর রোহিত ফিটনেস পরীক্ষা দেবেন। কিন্তু শনিবার তাঁকে দেখা যায় গিল, বুমরাহদের সঙ্গে সিওই’তে হাজির। রবিবার একটি সমাজমাধ্যমে ভিডিও রিলিজ হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ফিটনেস টেস্ট দিচ্ছেন হিটম্যান। তাঁকে পিছনে দিকে একটা বেল্টের মাধ্যমে টেনে রাখার চেষ্টা করছেন ট্রেনার। সেই বাধা টপকে রোহিত লক্ষ্য হাসিলে মরিয়া এবং সফলও। পরে ট্রেনারকে দেখা যায় তাঁর পিঠ চাপড়ে দিতে। বিসিসিআই সরকারিভাবে কিছু না জানালেও, শোনা যাচ্ছে রোহিতের ‘ইয়ো ইয়ো’ টেস্টের স্কোর ১৯.৪, যা  রীতিমতো সন্তোষজনক। 
রোহিত এখন ৩৬। তাঁর লক্ষ্য ২০২৭ ওডিআই বিশ্বকাপ। অনেকটা পথ তাঁকে এগোতে হবে। রয়েছে বহু বাধা। অভিষেক নায়ারের তত্ত্বাবধানে রীতিমতো ঘাম ঝরাচ্ছেন তিনি। ওজনও অনেকটাই কমেছে। ঝরঝরে দেখাচ্ছে তাঁকে। তবে রোহিতের আসল পরীক্ষা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অক্টোবর-নভেম্বরে ডনের দেশে ওডিআই সিরিজ খেলবে ভারত। খুব সম্ভবত রোহিতই নেতৃত্ব দেবেন। তাঁর মতোই কোহলিও এখন শুধু ওডিআই ফরম্যাটেই খেলবেন। ভিকে’রও অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা। কিন্তু বিরাটের ফিটনেস টেস্ট কবে হবে, তা অজানাই। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, কোচ গম্ভীর ‘ব্রঙ্কো’ টেস্ট চালু করতে চাইছেন খুব দ্রুত। তাই রোহিতকে হয়তো সেপ্টেম্বরের মাঝামাঝি ফের ফিটনেস টেস্ট দিতে হবে। তখন সম্ভবত কোহলিও হাজির থাকবেন। 
এদিকে, রবিবার শুভমান গিলেরও ফিটনেস টেস্ট হয়। জ্বর থেকে ওঠার পর তিনি এখনও পুরো ফিট নন। তবে তিনিও বুমরাহ, প্রসিদ্ধর সঙ্গে পাশ করেছেন বলেই জানা গিয়েছে। 

সম্পর্কিত সংবাদ