কাশ্মীরে জাফরান চাষ করবে রোবট!
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফিরদৌস হাসান, শ্রীনগর: জাফরান। কাশ্মীরের অর্থনীতির অন্যতম নিয়ন্ত্রক। কিন্তু, এই চাষ অত্যন্ত পরিশ্রমসাধ্য।  এক কেজি জাফরান পেতে প্রয়োজন প্রায় ১লক্ষ ৬০ হাজার ফুল। এমনই জটিল প্রক্রিয়ায় এবার প্রযুক্তির সাহায্য নিচ্ছেন বিজ্ঞানীরা। আগাছা পরিষ্কার, ফুল তোলা এবং ফুলের রেণু বা গর্ভদণ্ড (স্টিগমা) আলাদা করার দায়িত্ব পরীক্ষামূলকভাবে রোবটকে দেওয়া হয়েছে। সোমবার পাম্পোরের কোনিবালে অ্যাডভান্সড রিসার্চ স্টেশনে ‘কাজে’ নেমেছে অত্যাধুনিক রোবট। উদ্যোক্তা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনলজি মন্ত্রক। তাদের সঙ্গে হাত মিলিয়েছে শের-ই-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনলজি অব কাশ্মীর (এসকেইউএএসটি-কে)। কীভাবে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া উপত্যকায় জাফরান চাষ খোলনলচে বদলে দেবে, তাই তুলে ধরতে চাইছেন গবেষকরা। তাঁদের মতে, এই চাষ অত্যন্ত শ্রমিক নির্ভর। পরিশ্রমসাধ্য। অত্যন্ত চ্যালেঞ্জিং। সেই জটিলতা কাটাতে সাহায্য করবে প্রযুক্তি। মানুষের কাজ করবে রোবট। আরও নিখুঁত ভাবে। এসকেইউএএসটি-কে’র ডিরেক্টর রিসার্চ অধ্যাপক সইদ জামির হুসেন জানিয়েছেন, জাফরান চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফুল তোলা ও ফুলের রেণু বা গর্ভদণ্ডকে আলাদা করা। এক কেজি জাফরানের জন্য ১ লক্ষ ৬০ হাজার ফুলের রেণুকে আলাদা করতে হয়। এই প্রকল্পের চিফ প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক হুসেনের দাবি, রোবোটিক প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহারে ইতিমধ্যেই বেশ আশাপ্রদ ফল মিলেছে। এবার রোবোটের হাতকে আরও নিঁখুত করে তোলা চেষ্টা চলছে। গবেষকদের আশা, আগামী বছরের মধ্যে নয়া রোবট কৃষকদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। জানা গিয়েছে, খেতের আগাছা সরানোর জন্যও পৃথক একটি রোবট তৈরি হয়েছে। 

Advertisement