


নিজস্ব প্রতিনিধি, বরানগর: কালীপুজোর রাতে বরানগরে ডাকাতির ছক! এই অভিযোগে তিন দুষ্কৃতীকে অস্ত্র সহ গ্রেফতার করল পুলিশ। তারা জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ সামির, শেখ জায়েদ আলি, মহম্মদ আরিফ। তাদের বাড়ি কামারহাটির গ্রাহাম রোড, ৩ নম্বর আগরপাড়া রেলগেট ও আগরপাড়া ওল্ডলাইন। ধৃতদের বয়স ১৮ থেকে ১৯ বছর। পুলিশ জেনেছে, মধ্যরাতে বরানগরের এক পেট্রল পাম্পে তাদের ডাকাতির ছক ছিল। ধৃতদের এদিন বারাকপুর মহকুমা আদালতের বিচারক ১০ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। সোমবার রাতে এই তিন যুবক বি টি রোডের আইএসআই মোড়ে ঘুরছিল। কালীপুজোর জন্য রাস্তাতে ভিড়ও ছিল ভালোই। তাদের দেখে অদূরে থাকা টহলদারি ভ্যানের পুলিশকর্মীদের সন্দেহ হয়। বেশ কিছু সময় তাদের উপর নজর রাখে পুলিশ। কিন্তু গতিবিধি আরও সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের সঙ্গে কথা বলতে যায়। পুলিশকে আসতে দেখে তারা পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে টহলদারি ভ্যানের পুলিশকর্মীরা তাড়া করে তাদের পাকড়াও করে। তাদের কাছ থেকে একটি বন্দুক ও দু’রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশ জেনেছে, ধৃতরা সেখানে অপেক্ষা করছিল। আরও কয়েকজনের সেখানে আসার কথা ছিল। বরানগরের কোনও পেট্রল পাম্পে ডাকাতি করার পরিকল্পনা ছিল তাদের। মধ্যরাতে তেল কেনার অছিলায় ডাকাতি করে পালানোর ছক কষেছিল।