


মির্জাপুর: উত্তরপ্রদেশের মির্জাপুরের দ্রামান্দগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা। দু’টি ট্রাকের সঙ্গে একাধিক গাড়ির সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে তিনজন মহিলা ও চার শিশু। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রাক ব্রেক ফেল করার কারণে এই বিপত্তি। তদন্ত জারি রয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘মির্জাপুরের পথ দুর্ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত হৃদয় বিদারক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। জখমদের দ্রুত আরোগ্য কামনা করি।’
পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এদিন দ্রামান্দগঞ্জ থেকে লাসোদা যাচ্ছিল একটি ট্রাক। ঢাল দিয়ে নীচে নামার সময় আচমকা সেটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাককে ধাক্কা মারে। দু’টি ট্রাকের মাঝখানে পড়ে যায় একটি এসইউভি। সেটিও ক্ষতিগ্রস্ত হয়। পরে আরও একটি গাড়ি এসে ট্রাকটিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে দু’টি গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে এসএইভিতে থাকা যাত্রীদের গ্রাস করে আগুনের লেলিহান শিখা। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। স্থানীয়দের সাহায্য নিয়ে শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ জানিয়েছে, একটি ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর বিহারের। অন্যটি মধ্যপ্রদেশের। এসপি অপর্ণা রজত কৌশিক বলেন, ‘১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্থানীয়দের সঙ্গে মিলে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।’