সংবাদদাতা, কাকদ্বীপ: পাথরপ্রতিমার ঢোলাহাট থানার পঞ্চমের বাজারে দুর্ঘটনার পর নড়েচড়ে বসল পুলিস প্রশাসন। সোমবার রাতে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা দিয়ে একটি চার চাকার পিক আপ ভ্যান উল্টে গিয়েছিল। সেই দুর্ঘটনায় এক মহিলা সহ তিনজনের মৃত্যু হয়। এরপর ওই এলাকা পরিদর্শন করেন সুন্দরবন পুলিস জেলার আধিকারিকরা। রামগঙ্গা থেকে ঢোলাহাট পর্যন্ত রাস্তায় কোন কোন এলাকা দুর্ঘটনাপ্রবণ রয়েছে, তা চিহ্নিত করা হবে। তারপরই ওই এলাকায় স্পিড ব্রেকার বসানো হবে। কারণ প্রায় ৩০ কিলোমিটার ওই রাস্তায় প্রচুর যানবাহন চলাচল করে। তবে দীর্ঘ রাস্তাটিতে তুলনামূলকভাবে কম স্পিড ব্রেকার রয়েছে। সেই কারণে রাত হলেই প্রচণ্ড গতিতে গাড়িগুলি যাতায়াত করে। সেই কারণেই দুর্ঘটনা ঘটছে বলে পুলিসের প্রাথমিক অনুমান। এছাড়াও বিপজ্জনক এলাকাগুলিতে রোড ডিভাইডার বসানোরও পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে, সোমবার রাতে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির স্বাস্থ্যপরীক্ষা করা হবে বলেও জানা গিয়েছে। গাড়িটির মেশিন ও চাকাগুলি ঠিকঠাক ছিল কি না, খতিয়ে দেখা হবে। এ বিষয়ে সুন্দরবন পুলিস জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, দুর্ঘটনাস্থল সহ পুরো পিচের রাস্তাটি পরিদর্শন করা হচ্ছে। এরপর যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সোমবার রাতের দুর্ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।



