নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজওয়ানুর রহমানের মৃতদেহ যিনি ময়নাতদন্ত করেছিলেন, সেই চিকিৎসক ইতিমধ্যেই মারা গিয়েছেন। ফলে রিজের ময়নাতদন্তের সেই রিপোর্ট সংক্রান্ত নথি আদালতে এসে বৃহস্পতিবার শনাক্ত করলেন এনআরএসের ফরেন্সিক বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান। বৃহস্পতিবার কলকাতার বিচারভবনে ওই সাক্ষী এসে সমস্ত নথিপত্র শনাক্ত করেন। তিনি ওই ময়নাতদন্ত রিপোর্টের বিস্তারিত ব্যাখা দেন। এদিন সিবিআইয়ের তরফে ওই প্রাক্তন বিভাগীয় প্রধানের সাক্ষ্য শেষ হওয়ার পর তাঁকে জেরা করেন এক অভিযুক্তের আইনজীবী গণেশ মাইতি। তাঁর জেরা অসমাপ্ত থাকে। আজ, শুক্রবার ফের চলবে ওই শুনানি পর্ব।



