রূপাঞ্জনা দত্ত, লন্ডন: ২৫ বছর আগে গোল্ডম্যান স্যাক্সে প্রথমবার শিক্ষানবিশ হিসাবে যোগ দেন সুনাক। ২০০১ সালে স্থায়ী কর্মী হিসাবে সেখানে যোগ দেন তিনি। এটিই ছিল প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম কর্মস্থল। ২০০৪ সাল পর্যন্ত ওই সংস্থাতেই কর্মরত ছিলেন। তারপর সাংসদ হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব। গত বছর পর্যন্ত ছিলেন সেই দায়িত্বেই। সাধারণ নির্বাচনে তাঁর দলের পরাজয়ের পর অবশেষে জীবনের প্রথম কর্মক্ষেত্রেই ফের ফিরলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিখ্যাত এই সিনিয়র অ্যাডভাইসার পদে যোগ দিয়েছেন সুনাক। যদিও এখনও ব্রিটিশ পার্লামেন্টে সাংসদ রয়েছেন সুনক।
চাকরি ছেড়ে ২০১৫ সালে পাকাপাকিভাবে রাজনীতিতে মনোনিবেশ করেন সুনাক। কোভিড পর্বে তিনি ছিলেন দেশের অর্থমন্ত্রী। ২০২২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রসের পদত্যাগের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলান। ২০২৪ সাল পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তিনি। চব্বিশে লেবার পার্টির জয়ের পর থেকেই লাইমলাইট থেকে কিছুটা দূরে চলে যান সুনাক। চলতি বছরেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুলে যোগ দেন সুনক। পাশাপাশি যোগ দেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউটেও। এবার গোল্ডম্যান স্যাক্সে যোগ দিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সুনাকের যোগদানে উচ্ছ্বসিত সংস্থার চিফ এগজিকিউটিভ ডেভিড সোলোমন বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের ক্লায়েন্টদের গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দেবেন সুনাক। ম্যাক্রো ইকনমি ও ভূরাজনীতিতে তাঁর অভিজ্ঞতা আমাদের সম্পদ হতে চলেছে।’ জানা গিয়েছে, সুনাক ও তাঁর স্ত্রীর তৈরি অলাভজনক সংস্থা রিচমন্ড প্রজেক্টে দান করা হবে গোল্ডম্যান থেকে পাওয়া সুনাকের উপার্জন।