নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে হালিশহরের জেটিয়া বালিভাড়া স্কুল পাড়ায়। যুবকের আকস্মিক মৃত্যু বালিভাড়ার দাশগুপ্ত পরিবারকে শুধু অবাক করেছে তা নয়, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। সৃঞ্জয়ের জেঠু বিক্রমজিৎ দাশগুপ্তের বক্তব্য, কীভাবে ভাইপোর মৃত্যু হল, তদন্ত হওয়া দরকার। জেঠিমা ঝর্না দাশগুপ্ত বলেন, ‘দিলীপ ঘোষের সঙ্গে মায়ের বিয়েতে শুনেছি ওর সম্মতি ছিল। আবার এও শুনেছিলাম, দু’মাস বাদে সৃঞ্জয়ের বিয়ে হবে। শুনে সবাই খুশি হয়েছিলাম। হঠাৎ সব ওলট পালট হয়ে গেল।’
হালিশহরের বালিভাড়া স্কুলপাড়ায় রিঙ্কু মজুমদারের শ্বশুরবাড়ি ছিল। রাজা দাশগুপ্তের সঙ্গে রিঙ্কুর ডিভোর্স হয়ে গেলেও বালিভাড়ার বাড়িতে যাতায়াত ছিল সৃঞ্জয়ের। বছর খানেক আগেও সে বালিভাড়ার বাড়িতে এসেছিল বলে জানিয়েছেন জেঠু। রিঙ্কু মজুমদারের সঙ্গে দাশগুপ্ত পরিবারের সম্পর্ক না থাকলেও সৃঞ্জয়ের সঙ্গে কমবেশি তাঁদের যোগাযোগ ছিল। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী অত্যন্ত শান্ত স্বভাবের যুবকের দেহ মঙ্গলবার সকালে নিউটাউনের সাপুরজি আবাসনের একটি ঘর থেকে উদ্ধার হয়। সেই খবর পৌঁছনোর পর শোকস্তব্ধ দাশগুপ্ত পরিবার। তাঁরা বিশ্বাস করতে পারছেন না যে সৃঞ্জয় আত্মহত্যা করে থাকতে পারে।
জেঠু বিক্রমজিৎ দাশগুপ্ত বলেন, ‘পুলিস তদন্ত করে দেখুক, সৃঞ্জয় খুন হয়েছে না কি আত্মহত্যা করেছে?’ স্থানীয় সূত্রে খবর, সৃঞ্জয়ের বাবা রাজা দাশগুপ্ত দুর্ঘটনার পর বাড়িতেই থাকেন। ছেলের মৃত্যুর খবর শুনে পৌঁছে যান সল্টলেক।