Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিজিটাল অ্যারেস্টের শিকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, খোয়ালেন ১ কোটি ৫৫ লক্ষ

ফের ডিজিটাল অ্যারেস্টের শিকার হলেন বেলঘরিয়ার এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। বৃদ্ধের নাম সুশান্তকুমার আচার্য। বাড়ি বেলঘরিয়ার শীতলাতলা।

ডিজিটাল অ্যারেস্টের শিকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, খোয়ালেন ১ কোটি ৫৫ লক্ষ
  • ৯ জুলাই, ২০২৫ ১৮:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ফের ডিজিটাল অ্যারেস্টের শিকার হলেন বেলঘরিয়ার এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। বৃদ্ধের নাম সুশান্তকুমার আচার্য। বাড়ি বেলঘরিয়ার শীতলাতলা। সাইবার প্রতারকরা ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। গত ৬ জুলাই তিনি বেলঘরিয়া থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। গুরুত্ব বুঝে মামলাটি কমিশনারেটের গোয়েন্দা বিভাগের হাতে স্থানান্তর করা হয়েছে। সাইবার বিশেষজ্ঞরা তদন্ত শুরু করেছেন। তবে একথা ঠিক যে, প্রতারকদের ফাঁদে পা না দিতে বিভিন্ন প্রচারমাধ্যমে এতবার প্রচার করা হলেও তাতে কর্ণপাত করছেন না আম জনতার একাংশ। যার খেসারত দিতে হচ্ছে তাঁদের।  

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ১৭ জুন সুশান্তবাবুর কাছে প্রতারকরা সিবিআই অফিসার পরিচয় নিয়ে প্রথম ফোন করে। এরপর ৩ জুলাই পর্যন্ত তাঁকে দফায় দফায় ফোন করা হয়। সিবিআই, ট্রাই, ইডি সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে প্রতারকরা তাঁকে মানসিক নির্যাতন ও ভয় দেখাতে শুরু করে। মানি লন্ডারিং কেসে তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে বলে জানায়। তাঁর উপর ২৪ ঘণ্টা নজরদারি চলছে বলেও জানানো হয়। লাগাতার ফোন আসায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন ওই বৃদ্ধ। এরপর তিনি প্রতারকদের ফাঁদে পা দেন। তাদের নির্দেশমতো ধাপে ধাপে তিনি আরটিজিএসের মাধ্যমে ১ কোটি ৫৫ লক্ষ টাকা দিয়ে দেন। পরে এক আত্মীয়ের কথা শুনে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এরপর বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কমিশনারেটের এক আধিকারিক বলেন, দীর্ঘদিন ধরে ডিজিটাল অ্যারেস্ট নাম করে সাইবার প্রতারকরা প্রতারণার জাল ছড়িয়েছে। মানুষকে সচেতন করতে এনিয়ে লাগাতার প্রচার করা হচ্ছে। তারপরও কিছু মানুষ অজ্ঞতার কারণে প্রতারকদের শিকার হচ্ছেন। এটা দুর্ভাগ্যের।

Advertisement
সম্পর্কিত সংবাদ