নয়াদিল্লি: পকেটে আগুন ধরাচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। লাফিয়ে বাড়ছে প্রায় সমস্ত সামগ্রীর দর। পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী শিক্ষা-স্বাস্থ্যের খরচও। অথচ সরকারি হিসেব বলছে, মাথা নুইয়েছে মুদ্রাস্ফীতি। মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, জুলাই মাসে খুচরো মুদ্রাস্ফীতি ছিল ১.৫৫ শতাংশ। যা গত আট বছরে সবচেয়ে কম। ২০১৭ সালের জুনে খুচরো মুদ্রাস্ফীতি নেমেছিল ১.৪৬ শতাংশ। তারপর থেকে গত জুলাই মাসে এই প্রথমবার ক্রেতা মূল্য সূচক (সিপিআই) ভিত্তিক মুদ্রাস্ফীতি এতটা নীচে নামল। ২০২৪ সালের জুলাইতে এই হার ছিল ৩.৬ শতাংশ। সরকারি পরিসংখ্যানে দাবি, মূলত খাদ্য সামগ্রী, সবজি ও দানা শস্যের দাম কমার জেরেই জুলাইয়ে মুদ্রাস্ফীতিতে স্বস্তি মিলেছে।



