


ভ্যালেন্টাইস ডে রেসিপি জানালেন ভোজ আড্ডা কাফের কর্ণধার, ফুড ভ্লগার বিশ্বজিৎ ভট্টাচার্য
ভ্যালেন্টাইস ডে-তে ভোজ আড্ডা কাফে নিয়ে এসেছে দু’ধরনের মেনু— অমরসঙ্গী ও লাভ অ্যাট ফার্স্ট সাইট। অমরসঙ্গীতে পাবেন ডিমরে ডেভিল, স্যালাড, কাসুন্দি, মশলা লুচি, আলুর দম, পোলাও চিকেন বা মাটন ডাকবাংলো, চাটনি, পাঁপড়, মিষ্টি। লাভ অ্যাট ফার্স্ট সাইটে পাবেন পনির চটপটা, চিকেন হরিয়ালি কাবাব, স্যালাড, গ্রিন চাটনি, বাটার নান, মাটন কিমা চানা, পোলাও, রাজস্থানি লাল মাস। রেসিপি জানালেন কাফের কর্ণধার।
কিমা চানা
উপকরণ: মাটন কিমা ২৫০ গ্রাম (সেদ্ধ করা), কাবলি ছোলা কাপ (সারা রাত ভিজিয়ে সেদ্ধ করা), পেঁয়াজ কুচি ২টো, টম্যাটো পিউরি ২টো, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা ১টা, গোটা জিরে ১ চা চামচ, তেজপাতা ১টা, হলুদ গুঁড়ো চা চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, গরমমশলা গুঁড়ো ১ চা চামচ, ঘি বা তেল ২-৩ চামচ, নুন স্বাদমতো, জল প্রয়োজন অনুযায়ী।
প্রণালী: একটা পাত্রে ঘি বা তেল গরম করুন। তাতে তেজ পাতা ও গোটা জিরে ফোড়ন দিন। এবার পেঁয়াজ দিয়ে সোনালি করে ভাজুন। তারপর আদা, রসুন, কাঁচালঙ্কা দিন। এরপর টম্যাটো পিউরি দিয়ে নাড়তে থাকুন। তারপর বাকি সব মশলা ও নুন দিয়ে কষুন। ঢিমে আঁচে মশলার সঙ্গে মেশান। কিমার রং বাদামি হলে কাবলি ছোলা দিয়ে দিন। সবটা মিশিয়ে রান্না করুন। কষতে কষতে তেল ছেড়ে এলে ঢিমে আঁচে ঢাকা দিন। মোটামুটি ১৫-২০ মিনিট ওভাবে রেখে দিন। মশলায় কিমা ও চানা মজে গেলে নামিয়ে নিন। কাবুলি নানা সহ পরিবেশন করুন।
মশলা লুচি
উপকরণ: ময়দা ২ কাপ, গোটা জিরে (শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা)১ চা চামচ, জোয়ান চা চামচ, গোটা ধনে (শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা) ১ চা চামচ, মৌরি (শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা) চা চামচ, হিং ১ চিমটে, গোলমরিচ থেঁতো করা চা চামচ, নুন স্বাদমতো, তেল ময়ানের জন্য টেবিল চামচ বা পরিমাণ মতো, ভাজার জন্য সাদা তেল।
প্রণালী: ময়দায় সব মশলা মিশিয়ে নিন। তাতে ময়ান নিয়ে, অল্প নুন ও পরিমাণ মতো জল সহ মেখে নিন। তা ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দিন। এরপর তা থেকে ছোটো লেচি বের করে হাতের সাহায্যে গোল করে নিন। এরপর তা পাতলা করে লুচির মতো বেলে নিন। কড়াইতে তেল গরম করে নিন। তাতে এই লুচিগুলো ভেজে নিন। বাড়তি তেল ঝরিয়ে নামিয়ে নিন। তৈরি হল মশলা লুচি।
ভাজা মশলার আলুর দম
উপকরণ: সেদ্ধ আলু ৫০০ গ্রাম, হলুদ চামচ, নুন স্বাদমতো, তেল ৩ চামচ, গোটা জিরে ১ চামচ, গোটা ধনে ১ চামচ, শুকনো লঙ্কা ২টো, ছোটো এলাচ ৩টে, লবঙ্গ ৪টে, দারচিনি ১ কাঠি, সর্ষের তেল ২ চামচ, ঘি ১ চামচ, তেজপাতা ১টা, পেঁয়াজ কুচি ২টো, আদা রসুন বাটা ১ চামচ, টম্যাটো পিউরি কাপ, লঙ্কা গুঁড়ো চামচ, নুন স্বাদমতো।
প্রণালী: ভাজা মশলার উপকরণ রোস্ট করে গুঁড়ো করে নিন। গরম তেলে আলু নুন সহ ভেজে নিন। ওই তেলের সঙ্গে আরও তেল ও ঘি যোগ করে তাতে তেজপাতা ও গরমমশলা ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। এবার আদা ও রসুন দিয়ে কষিয়ে নিন। টম্যাটো পিউরি দিয়ে নাড়ুন। বাকি মশলা ও নুন দিয়ে কষতে থাকুন। এবার ভাজা মশলা দিন। তারপর আলু মিশিয়ে নিন। ঢাকা দিয়ে রান্না করুন। উপর থেকে ঘি ছড়িয়ে ভাজা মশলা দিয়ে নামিয়ে নিন।
রাজস্থানি লাল মাস
উপকরণ: মাংস ১ কেজি, মাথানিয়া লাল লঙ্কা (জলে ভিজিয়ে বেটে নেওয়া) ১০টা, ফেটিয়ে নেওয়া ঘন টক দই ১ কাপ, সর্ষের তেল ৩-৪ টেবিল চামচ, রসুন থেঁতো করা ১২-১৫ কোয়া, আদা বাটা ১ ইঞ্চি, পেঁয়াজ বাটা ২টো, গোটা মশলা: তেজপাতা ১টা, লবঙ্গ ৪-৫টা, ছোটো এলাচ ৩টে, ধনে গুঁড়ো ১ চামচ, জিরে গুঁড়ো ১ চামচ, নুন স্বাদমতো, জল প্রয়োজন অনুযায়ী।
প্রণালী: সর্ষের তেল গরম করে নিন। তাতে গোটা মশলা ফোড়ন দিন। তারপর আদা ও রসনি দিয়ে ভাজুন। সুগন্ধ বেরলে পেঁয়াজ দিয়ে কষুন। থকথকে গ্রেভি হলে মাংস দিয়ে দিন। কষতে থাকুন। এরপর আঁচ কমিয়ে দই দিয়ে নাড়ুন। এবার সবটা একসঙ্গে মিশে গেলে মাথানিয়া লঙ্কা বাটা মেশান। তারপর বাকি সব মশলা মিশিয়ে নেড়ে নিন। সবটা মিশে গেলে নুন দিন। এরপর প্রয়োজন অনুযায়ী জল দিয়ে কষিয়ে নিন। তারপর এই মাংস গ্রেভি সহ প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করুন। গরম ভাত সহ পরিবেশন করুন। মনে রাখবেন গ্রেভি কিন্তু খুব একটা ঘন হবে না।