মুম্বই, ৬ ফেব্রুয়ারি: আগামি দিনে ঝড়ের মুখে পড়তে পারে ভারতীয় অর্থনীতি। এমনই সতর্কবার্তা ছিল সদ্য সংসদে পেশ হওয়া আর্থিক সমীক্ষা রিপোর্টে। তার ঠিক ন’দিনের মাথায় ঋণনীতি ঘোষণা করতে গিয়ে সুদ কমানোর ঝুঁকি নিলো না রিজার্ভ ব্যাংক। রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। আর্থিক নীতি নির্ধারণ কমিটির বৈঠক শেষে আজ, শুক্রবার একথা ঘোষণা করেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান তিনি।
প্রতারণার শিকার সাধারণ ব্যাংক গ্রাহকদের জন্যও সুখবর দিয়েছেন দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। জানিয়েছেন, খুব শীঘ্রই নতুন নিয়ম চালু করতে চলছে আরবিআই। এর ফলে অল্প টাকার লেনদেনে জালিয়াতি হলে গ্রাহকরা ক্ষতিপূরণ পাবেন। পাশাপাশি, গ্রাহকদের ভুল পণ্য গছিয়ে দেওয়া এবং বকেয়া আদায় সংক্রান্ত বিষয় স্থান পাবে নয়া নির্দেশিকায়।
রেপো রেটের ওঠানামার উপর অনেকটাই নির্ভর করে ব্যাংকগুলির আমানত ও ঋণের উপর সুদের হার। দীর্ঘ সময় ধরে রেপো রেট ৬.৫ শতাংশে আটকে রাখার পর, ২০২৫ সালে ধাপে ধাপে তা কমাতে থাকে আরবিআই। গত ডিসেম্বরে শেষবার কমানো হয় রেপো রেট।
সাম্প্রতিক সময়ে ব্যাংক জালিয়াতির ঘটনা দিনকে দিন বাড়ছে। এই সংক্রান্ত রিজার্ভ ব্যাংকের যে গাইডলাইন আছে তা ২০১৭ সালের। এর মধ্যে প্রযুক্তির অমূল বদল হয়েছে। তার সঙ্গে সঙ্গতি রেখে নিয়ম বদলের পথে রিজার্ভ ব্যাংক।