Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তি আলিপুরদুয়ারের মাঝেরডাবরী চা বাগানে

চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তি আলিপুরদুয়ারের মাঝেরডাবরী চা বাগানে
  • ২২ জুলাই, ২০২৫ ২৩:০৭
Prefer us on Google

চিতাবাঘের আতঙ্ক থেকে মুক্তি। আলিপুরদুয়ার জেলা সদরের মাঝেরডাবরী চা বাগানের শ্রমিকদের ও বাগান কর্তৃপক্ষের মধ্যে স্বস্তি ফিরল। আজ,  মঙ্গলবার রাত ১০টা নাগাদ বাগানের ৪ নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। খবর দেওয়া হয় বনদপ্তরে। রাতেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা গিয়ে খাঁচাবন্দি চিতাবাঘটিকে নিয়ে যায়। মাঝেরডাবরী চা বাগানের জেনারেল ম্যানেজার চিন্ময় ধর বলেন, একটি চিতাবাঘ ধরা পড়ায় এখন অনেকটাই স্বস্তিবোধ করছি। তবে পুরোপুরি স্বস্তি মিলল বলা যাবে না। কারণ, আমাদের ধারণা বাগানের নালায় শাবক নিয়ে একাধিক স্ত্রী চিতাবাঘ ঘাপটি মেরে বসে আছে। বনদপ্তর বাগানের তিনটি সেকশনে তিনটি খাঁচা পেতেছে। তার মধ্যে একটিতে চিতাবাঘটি ধরা পড়ল। উল্লেখ্য, চিতাবাঘের আতঙ্কে গত কয়েক দিন ধরেই ভয়ে সিঁটিয়ে আছে ওই বাগানের শ্রমিকরা। চিতাবাঘের হামলায় ইতিমধ্যেই দু’জন মহিলা শ্রমিক সহ তিন জন জখম হয়েছেন। চিতাবাঘের আতঙ্কে বাগানের স্বাভাবিক কাজকর্মও বিঘ্নিত হচ্ছিল। বাগানে ঘন ঘন পটকা ফাটিয়ে ও টিন বাজিয়ে শ্রমিকরা পাতা তোলার কাজ করছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ