Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

সাংসদদের সিন্ধে-শিবিরে যোগদান ইস্যু, উদ্ধবপন্থী শিবসেনার জরুরি শুনানির আবেদন খারিজ করল শীর্ষ আদালত

সুপ্রিম কোর্ট উদ্ধব শিবসেনার জরুরি শুনানি খারিজ করেছে। সাংসদদের সিন্ধে শিবিরে যোগদান নিয়ে বিতর্ক। বিস্তারিত পড়ুন।

সাংসদদের সিন্ধে-শিবিরে যোগদান ইস্যু, উদ্ধবপন্থী শিবসেনার জরুরি শুনানির আবেদন খারিজ করল শীর্ষ আদালত
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দলের ছয় সাংসদকে সিন্ধেপন্থী শিবসেনায় মিশে যাওয়ার ছাড়পত্র দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল উদ্ধবপন্থী শিবসেনা। উদ্ধব থ্যাকারের পার্টির সংসদীয় দলের নেতা অরবিন্দ সাওয়ান্ত এই মামলার জরুরি শুনানির আবেদন করেছিলেন। তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি পাঞ্চোলির বেঞ্চ সেই আরজি খারিজ করে দিয়েছেন। উদ্ধব শিবিরের হয়ে মামলাটি লড়ছেন আইনজীবী নিশান্ত পাতিল।

Advertisement

ওই ছয় এমপিকে সিন্ধে শিবিরে যোগদানের ছাড়পত্র দিয়ে ১৮ জুলাই লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উদ্ধব শিবির আবেদনে জানিয়েছে, এই বিজ্ঞপ্তি অসাংবিধানিক, বেআইনি এবং বিপথগামী। এই ছ’জন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে শিবসেনা (ইউবিটি)-র টিকিটে জয়ী হন। ‘প্রকৃত শিবসেনা’র প্রতিষ্ঠাতা বালাসাহেব থ্যাকারের নামে সেবার ভোট চেয়েছিল দল। এঁরা জয়ীও হন। এখন এঁদের দলত্যাগ করে বিরুদ্ধ শিবিরে যোগ দেওয়ার অর্থ সেই জনাদেশকে অস্বীকার করা। তাছাড়া নিজেদের দলের ছাড়পত্র না নিয়ে অন্য দলে যোগদান কোনোভাবেই সংবিধানসম্মত নয়। দলত্যাগ বিরোধী আইনের ধারা উল্লেখ করে উদ্ধব শিবির দাবি করেছে, সাংসদ পদ খোয়া যাওয়ার সম্ভাবনা থাকলে আত্মরক্ষার্থে অন্য দলে যোগ দেওয়া যায়। এঁদের বিরুদ্ধে সাংসদ পদ খারিজের কোনো প্রক্রিয়া শুরু হয়নি। তাই এঁদের অন্য দলে যোগ দেওয়ার কোনো সংগত কারণ নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ