জুরিখ: এবার রেফারির চোখে ফুটবল দেখবেন দর্শকরা। আসন্ন ক্লাব ওয়ার্ল্ড কাপে রেফারির শরীরে লাগানো থাকবে ক্যামেরা। টিভি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার জন্যই এই উদ্যোগ। তবে কোনও বিতর্কিত ঘটনা রেফারির ক্যামে দেখানো হবে না, সাফ জানিয়ে দিলেন আয়োজকরা।
জুরিখ: এবার রেফারির চোখে ফুটবল দেখবেন দর্শকরা। আসন্ন ক্লাব ওয়ার্ল্ড কাপে রেফারির শরীরে লাগানো থাকবে ক্যামেরা। টিভি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার জন্যই এই উদ্যোগ। তবে কোনও বিতর্কিত ঘটনা রেফারির ক্যামে দেখানো হবে না, সাফ জানিয়ে দিলেন আয়োজকরা।
ফিফা রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইগি কলিনা বলেন, ‘দর্শকদের জন্যই এই উদ্যোগ। ক্লাব ওয়ার্ল্ড কাপের মঞ্চে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি আনা হচ্ছে। তাই আপাতত কোনও বিতর্কিত ফুটেজ দেখানো হবে না। ভবিষ্যতে কোনও পরিবর্তন হলে তা জানানো হবে।’ শুধু শরীরে ক্যামেরা নয়, রেফারিদের সাহায্য করতে এই প্রতিযোগিতায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সরও ব্যবহার হতে চলেছে। তা অফ-সাইড নির্ধারণে কাজে লাগবে। অবশ্য প্রযুক্তির মাধ্যমে অফ-সাইডের নিয়ম আগে থেকেই রয়েছে। কিন্তু এবার থেকে ‘উন্নত সেমি-অটোমেটিক অফ-সাইড’ প্রযুক্তি ব্যবহার হবে। এরজন্য আলাদা করে ১৬টি ক্যামেরা লাগানো থাকবে। কোনও ফুটবলার অফ-সাইড পজিশনে গেলেই সংকেত যাবে সহকারী রেফারিদের কাছে। তত্ক্ষণাত্ তাঁরা ফ্ল্যাগ তুলে সিদ্ধান্ত জানাবেন। আগে খেলা চালিয়ে যাওয়ার নিয়ম ছিল। পরে ভারের সাহায্যে সিদ্ধান্ত নেওয়া হত। পাশাপাশি গোলকিপারদের সময় নষ্টের ব্যাপারেও কড়া হতে চলেছে ফিফা। আগে নিয়ম ছিল, ৬ সেকেন্ডের বেশি বল ধরে রাখতে পারবেন না গোলকিপার। তবে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও অধিকাংশ ক্ষেত্রে কড়া শাস্তি দেওয়া হত না। তবে এবার থেকে ৫ সেকেন্ডেই গোলকিপারকে সতর্ক করা হবে। আর ৮ সেকেন্ড পেরিয়ে গেলে প্রতিপক্ষকে কর্নার দেওয়া হবে। উল্লেখ্য, আগামী ১৫ জুন ক্লাব বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ছে। মেগা প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশ নেবে।