নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই। পুজোর ছুটির কারণে এখন কলকাতার বিচারভবন বন্ধ। আর সেই কারণে শুক্রবার ব্যাংকশাল আদালতে ৭০ পাতার ওই চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়। অভিযুক্ত মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারী ও রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে ওই চার্জশিট পেশ করা হয়। এর আগে এই মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ একাধিক অভিযুক্ত। সেই মামলায় তদন্ত চালাতে গিয়ে পরবর্তী সময় গ্রেফতার হন অভিযুক্ত নদীয়ার নাকাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যও। বর্তমানে সেই মামলা চলছে বিচারভবনের বিশেষ আদালতে। সিবিআইয়ের অভিযোগ ছিল, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সাড়ে তিনশোজনের চাকরি নানা অবৈধ উপায়ে হয়েছিল। সেই সময় মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি ছিলেন। তাই তিনি দায়িত্ব এড়াতে পারেন না।



