বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ির পাশাপাশি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার শ্বশুরবাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছে। আজ, সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনী প্রথমে বাড়িটিকে ঘিরে ফেলে। তারপরেই তদন্তকারী সংস্থার আধিকারিকরা বাড়িতে প্রবেশ করেন। এই ঘটনায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়। বাড়িতে জীবনকৃষ্ণ সাহার শ্যালক নিতাই সাহা থাকেন। এর আগেও নিতাই সাহার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সময়ে অবৈধভাবে প্রাথমিক স্কুলে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল বিধায়কের শ্যালকের বিরুদ্ধে।



