নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো পাসপোর্ট নিয়ে যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে অভিবাসন দপ্তরের হাতে ধরা পড়ে গেল এক বাংলাদেশি। অভিযুক্ত ওই ব্যক্তিকে পুলিসের হাতে তুলে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ৩১ বছর বয়সি ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক। তার আসল নাম জ্যাকি হালদার। কিন্তু সে ভুয়ো ভারতীয় পাসপোর্ট তৈরি করে ব্যাঙ্কক হয়ে সোল বিমানবন্দর যাওয়ার চেষ্টা করছিল। কলকাতা থেকে থাই এয়ারওয়েজের একটি বিমানে ওঠার চেষ্টা করছিল সে। ওই ব্যক্তি ভারতীয় পাসপোর্ট দেখায়। কিন্তু তা সন্দেহজনক ঠেকে কলকাতা বিমানবন্দরের অভিবাসন বিভাগের আধিকারিকদের। তাকে আলাদাভাবে নিয়ে গিয়ে জেরা করা হয়। একাধিক প্রশ্নের মুখে পড়ে আসল সত্যটা বেরিয়ে আসে। তাতেই জানা যায়, জয় হালদার নাম দিয়ে সে ভারতীয় ভুয়ো পাসপোর্ট তৈরি করেছে। জন্মসূত্রে বাংলাদেশি।



