


ফ্লোরিডা: ক্লাব বিশ্বকাপে সহজেই জুভেন্তাসের বাধা টপকাল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার প্রি কোয়ার্টার-ফাইনালে ১-০ গোলে জিতল জাবি আলোন্সোর ছেলেরা। ম্যাচের একমাত্র গোলদাতা গঞ্জালো গার্সিয়া। শেষ আটের লড়াইয়ে মাদ্রিদ ক্লাবটির প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। দিনের অপর ম্যাচে তারা ২-১ গোলে হারায় মন্তেরিকে। জার্মান ক্লাবটির হয়ে জোড়া গোল সেরহো গুইরাসির। মন্তেরির একমাত্র গোলদাতা জার্মান বার্তেরামে। আগামী শনিবার টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার-ফাইনালে লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল ও বরুসিয়া।
পেটের সমস্যার কারণে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলতে পারেননি কিলিয়ান এমবাপে। তবে রাউন্ড অব সিক্সটিনের আগে দলের সঙ্গে যোগ দেন তিনি। মঙ্গলবার অবশ্য ফরাসি তারকাকে বেঞ্চে রেখেই দল সাজান কোচ আলোন্সো। আপফ্রন্টে ভিনিসিয়াসের সঙ্গে শুরু করেন গঞ্জালো গার্সিয়া। প্রথম একাদশে সুযোগ পেয়ে আরও একবার স্কোরশিটে নাম তুললেন ২১ বছর বয়সি এই তরুণ স্প্যানিয়ার্ড। ৫৪ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ভাসানো সেন্টার থেকে দুরন্ত হেডে জাল কাঁপান তিনি (১-০)। এরপর গোলের ব্যবধান বাড়ানোর লক্ষ্যে ৬৮ মিনিটে এমবাপেকে মাঠে নামান রিয়াল কোচ। তবে গোটা ম্যাচে একের পর এক সহজ সুযোগ নষ্ট করেন রিয়াল অ্যাটাকাররা। পক্ষান্তরে, ম্যাচে ফেরার সুযোগ এসেছিল জুভেন্তাসের সামনে। তবে তা কাজে লাগাতে ব্যর্থ কোলো মুয়ানিরা।
রিয়াল মাদ্রিদ- ১ : জুভেন্তাস- ০
বরুসিয়া ডর্টমুন্ড- ২ : মন্তেরি- ১