তেহরান: নতুন করে সংঘাতের জন্য প্রস্তুত ইরান। যুদ্ধবিরতির মধ্যে এবার হুংকার সেদেশের সেনার এক উচ্চপদস্থ কর্তার। বুধবার সন্ধ্যায় মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে শান্তিচুক্তির জন্য প্রস্তাব পাঠিয়েছে ইরান। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘এই মুহূর্তে ইরানের প্রস্তাবে আমি সন্তুষ্ট নই’। এই পরিস্থিতিতেই ইরানের সেনা কর্তার হুঁশিয়ারিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধে জড়িয়ে পড়েছিল আমেরিকা-ইজরায়েল ও ইরান। গত ৮ এপ্রিল থেকে সংঘর্ষবিরতি চলছে। ইতিমধ্যে একবার শান্তি বৈঠক হলেও তা ভেস্তে গিয়েছে। শনিবার সকালে ইরানের সংবাদ সংস্থা ফার্স সেনার এক শীর্ষ আধিকারিক মহম্মদ জাফর আসাদিকে উদ্ধৃত করে বলেছে, ‘আমেরিকা কোনো সমঝোতা নিয়ে দায়বদ্ধ নয়। এমন একাধিক প্রমাণ রয়েছে। মার্কিন আধিকারিকদের বক্তব্য ও পদক্ষেপ মূলত ‘মিডিয়া কেন্দ্রিক’। তেলের দাম কমানো ও নিজেদের সমস্যা থেকে পালানোর জন্যই এসব করছেন তাঁরা।’ ইরানের সেনা সংঘাতের জন্য প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। যদিও সেদেশের বিচার বিভাগের প্রধান গোলামহুসেইন মোহসেনি ইজেই জানিয়েছেন, ইরান সবসময়ই সমঝোতার পক্ষে। তবে কোনো চাপিয়ে দেওয়া শর্ত মেনে নেওয়া হবে না।