Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

দল বিক্রির চিন্তাভাবনা করছেন আরসিবির বর্তমান মালিকরা!

ফের খবরের শিরোনামে বিরাট কোহলির আরসিবি। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি, শীঘ্রই বদলাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা

দল বিক্রির চিন্তাভাবনা করছেন আরসিবির বর্তমান মালিকরা!
  • ১০ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

বেঙ্গালুরু, ১০ জুন: ফের খবরের শিরোনামে বিরাট কোহলির আরসিবি। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি, শীঘ্রই বদলাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা। তবে এই বিষয়ে দলের বর্তমান মালিকানা সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। দীর্ঘ ১৮ বছরের খরা কাটিয়ে আইপিএল জিতেছে বিরাটের দল। সমর্থকরা তো বটেই, এই নিয়ে উচ্ছাসের কমতি ছিল না সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে জয়ের আনন্দ মুহূর্তে বিষাদে বদলে যায় ৪ঠা জুনের পদপিষ্ট হওয়ার ঘটনায়। সেই নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় বিরাটের দলকে। যদিও আরসিবির তরফে জানানো হয়, এই দুর্ঘটনার সঙ্গে তাঁদের কোনও হাত নেই।

Advertisement

যদিও চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনা পৌঁছে গিয়েছে কর্ণাটকের হাইকোর্টে। সেখানেই চলছে মামলার শুনানি। এই আবহে আরসিবিকে কেন্দ্র করে আরও একটি নতুন খবর সামনে এল। দলটির বর্তমান মালিক দিয়েগো পিএলসি নামে এক আমেরিকান সংস্থা। যা বদলাতে পারে অল্পদিনেই। জানা যাচ্ছে, আংশিক বা সম্পূর্ণভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা যাবে অন্য কোনও সংস্থার হাতে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হতে পারে বিরাটের দল। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৬ হাজার ৮৩৪ কোটি টাকা। মনে করা হচ্ছে, আইপিএল জেতার আবহে যেভাবে চর্চায় রয়েছে আরসিবি, সেটাই দল বিক্রির অন্যতম কারণ।

 আইপিএলের ইতিহাসে বিষয়টা নতুন কিছু নয় যদিও। তবে আরসিবির মালিকানা কোন সংস্থার হাতে যায় আপাতত সেটাই দেখার। জানা যাচ্ছে, দলটির বর্তমান মালিক সমমনস্ক কোনও সংস্থার হাতেই আরসিবির দায়িত্ব তুলে দিতে চায়। সেক্ষেত্রে কী আবারও কোনও মদ প্রস্তুতকারী সংস্থাই হবে বিরাটদের মালিক? আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছেন আরসিবির ভক্তরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ